নরসিংদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৯

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদী জেলার সদর ও শিবপুর উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় নয়জন নিহত হয়েছেন। আহত সাতজন।

আজ সোমবার সকাল ৭টার দিকে সদর উপজেলার মাধবদী থানার কান্দাইল এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে বাস ও মাইক্রোবাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন। সকাল ১০টার দিকে অপর দুর্ঘটনায় শিবপুর উপজেলায় কারারচর গ্রামে ঢাকা-সিলেট মহাসড়কে বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হন।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াস বলেন, যাত্রীবাহী বাসটি নরসিংদী থেকে ঢাকার দিকে যাচ্ছিল। মাইক্রোবাসটি বিপরীত দিক থেকে আসছিল। সকাল ৭টার দিকে কান্দাইল এলাকায় যানবাহন দুটির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হন। আহত পাঁচজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেওয়ার পর দুজন মারা যান।

নিহত দুজন হলেন রেজাউল করিম (৩৮) ও বাবুল হোসেন (৩২)। বাড়ি সিলেটের বিয়ানীবাজার।

স্থানীয় লোকজনের ভাষ্য, সংঘর্ষে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। হতাহত ব্যক্তিরা মাইক্রোবাসের আরোহী। দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

নরসিংদী ইতাখোলা হাইওয়ে পুলিশের পরিদর্শক মো. হাফিজুর রহমান জানান, শিবপুর উপজেলার কারারচর গ্রামে মদিনা জুট মিলের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে।

নিহত ব্যক্তির নাম সুজন। বাড়ি শিবপুরের ইছাখালী গ্রামে। বাকিদের পরিচয় এখনো পাওয়া যায়নি। আহতদের নরসিংদী জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান মো. হাফিজুর রহমান।