নরসিংদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীসহ তিনজন নিহত
নরসিংদীর শিবপুর ও রায়পুরা উপজেলায় গতকাল শুক্রবার পৃথক সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও সাতজন। নিহত ব্যক্তিরা হলেন ঢাকার লালবাগের বাসিন্দা নূর মোহাম্মদ (৫০) ও তাঁর স্ত্রী সীমা বেগম (৪০) এবং কুমিল্লার রামচন্দ্রপুরের প্রেমানন্দ সাহা (৪০)। প্রত্যক্ষদর্শীরা জানান, রায়পুরা উপজেলার নারায়ণপুর বাসস্ট্যান্ড এলাকায় গতকাল বিকেল তিনটার দিকে ঈশা খাঁ পরিবহনের একটি বাসের সঙ্গে একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের যাত্রী নূর মোহাম্মদ (৫০) ও তাঁর স্ত্রী সীমা বেগম (৪০) মারা যান এবং মাইক্রোবাসের পাঁচ যাত্রী আহত হন। আহত ব্যক্তিদের ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।বেলাব থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠিয়েছে। জানা গেছে, প্রেমানন্দ সাহা নরসিংদীর সিঅ্যান্ডবি রোডে তাঁর শ্বশুরবাড়ি বেড়াতে এসেছিলেন। গতকাল দুপুরে তিনি ছেলেকে নিয়ে শ্বশুরবাড়ি থেকে একটি প্রাইভেট কারে রায়পুরায় অন্য এক আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন। তাঁদের গাড়িটি ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুর উপজেলার কুন্দারপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। আহত হন তাঁর ছেলে ও গাড়ির চালক।