নরসিংদীতে পোশাক কারখানায় আগুনে নিহত ৩
নরসিংদীতে একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় এক বিদেশি নাগরিকসহ তিনজন প্রাণ হারিয়েছেন। এ ছাড়া দগ্ধ হয়েছেন আরও আটজন।
গতকাল শনিবার সকালে সদর উপজেলার শীলমান্দি এলাকায় অবস্থিত মমটেক্স নামের পোশাক কারখানায় এই আগুন লাগে। ঢাকা ও নরসিংদী থেকে দমকলবাহিনীর ১১টি ইউনিট প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
নিহত ব্যক্তিরা হলেন কারখানার সহকারী ব্যবস্থাপক পাকিস্তানি নাগরিক আশিক আলী (৪৫), বাবুর্চি সেলিম মিয়া (৩৩) ও শ্রমিক রফিক মিয়া (৩২)। ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ বলেছে, মমটেক্সের পাঁচতলা ভবনের নিচতলায় অবস্থিত রাসায়নিক পদার্থের গোডাউনে সকাল সাতটার দিকে হঠাৎ আগুন লেগে দ্রুত ছড়িয়ে পড়ে। এ সময় কারখানার ওপরতলায় অবস্থানরত বেশ কয়েকজন শ্রমিক-কর্মচারী ঘুমিয়ে ছিলেন। আগুনে তাঁদের ১১ জন দগ্ধ হন। উদ্ধার করে নরসিংদী সদর ও জেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁদের মধ্যে তিনজনকে মৃত ঘোষণা করেন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফায়ার সার্ভিস নরসিংদীর সহকারী পরিচালক মো. মিজানুর রহমান বলেন, রাসায়নিক পদার্থের গোডাউন থেকে আগুনের সূত্রপাত হওয়ায় এর ভয়াবহতা বেশি ছিল। তদন্তের পরই অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে জানা যাবে।