নরসিংদীতে প্রথম আলো প্রতিনিধির মোটর সাইকেল চুরি
নরসিংদী জেলা আদালতের বারান্দা থেকে গতকাল বৃহস্পতিবার দুপুরে প্রথম আলোর প্রতিনিধির মোটরসাইকেল চুরি হয়েছে।গতকাল দুপুর ১২টার দিকে নরসিংদীর পৌর মেয়র লোকমান হোসেন হত্যা মামলার আসামিদের জামিনের শুনানি হয়। এর কিছুক্ষণ আগে পেশাগত দায়িত্ব পালনের জন্য প্রথম আলোর নরসিংদী প্রতিনিধি মনিরুজ্জামান আদালতের বারান্দায় মোটরসাইকেল রেখে বিচারকের এজলাসে যান। এ সময় বারান্দায় পুলিশের পাহারা ছিল। বেলা দুইটার দিকে মনিরুজ্জামান বারান্দায় এসে দেখেন, মোটরসাইকেলটি নেই। বিষয়টি তাৎক্ষণিক পুলিশ নিয়ন্ত্রণ কক্ষ ও সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদ মিয়াকে জানানো হয়। থানায় মামলাও করা হয়। কিন্তু গতকাল রাত ১১টা পর্যন্ত মোটরসাইকেলটি উদ্ধার করতে পারেনি পুলিশ।এ ব্যাপারে সদর মডেল থানার ওসি বলেন, মোটরসাইকেল চুরির ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। মোটরসাইকেল উদ্ধারে বিভিন্ন জায়গায় অভিযান চালানো হচ্ছে।