নরসিংদীতে প্রশিক্ষণ বিমানের দুটি অয়েল ট্যাংকার মাটিতে

নরসিংদীর রায়পুরায় বাংলাদেশ বিমানবাহিনীর উড়ন্ত একটি প্রশিক্ষণ বিমানের দুটি অতিরিক্ত অয়েল ট্যাংকার মাটিতে পড়ে গেছে। উপজেলার ডৌকারচর ইউনিয়নের কাসিমনগর ও পিবিনগর গ্রামে গতকাল সোমবার বেলা ১১টায় এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, পাশাপাশি দুটি প্রশিক্ষণ বিমান উড়ে যাচ্ছিল। হঠাৎ একটি বিমান থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। ওই সময় বিমানটি থেকে বিকট শব্দে পাইপের মতো দুটি বস্তু মাটিতে পড়ে। এর মধ্যে একটি কাসিমনগর গ্রামের পূর্বপাড়ায় একটি বসতবাড়ির পাশে এবং অপরটি প্রায় ৫০০ গজ দূরে পিবিনগর গ্রামের কৃষিজমিতে পড়ে।
খবর পেয়ে বেলা পৌনে চারটায় বিমানবাহিনীর ওয়ারেন্ট কর্মকর্তা শিহাব উদ্দিনের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে যায়।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মিজানুর রহমান বিমানবাহিনীর উইং কমান্ডার এনামুল হকের বরাত দিয়ে প্রথম আলোকে বলেন, আতঙ্কিত হওয়ার কিছু নেই। ওই প্রশিক্ষণ বিমানটি জরুরি ভিত্তিতে ঢাকার তেজগাঁওয়ে অবতরণ করেছে।