নরসিংদীতে ফরমালিন ও ভেজালবিরোধী অভিযান শুরু
নরসিংদীতে ফরমালিন ও ভেজালবিরোধী অভিযান শুরু হয়েছে। এ জন্য জেলা প্রশাসনের তরফ থেকে সাত দিনের বিশদ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
কর্মসূচির মধ্যে রয়েছে সরকারি ও বেসরকারিভাবে ইজারাপ্রাপ্ত বাজার ফরমালিনমুক্ত ঘোষণা এবং ফরমালিন পরীক্ষার যন্ত্র স্থাপন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে গণসচেতনতা বৃদ্ধিতে মানববন্ধন ও বিশেষ সেমিনার, জেলা ও উপজেলা পরিষদ, পৌরসভায় ব্যবসায়ীদের বিশেষ সেমিনার ইত্যাদি।
গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টায় ফরমালিন ও ভেজালবিরোধী অভিযান শোভাযাত্রা এবং বেলা ১১টায় নরসিংদী বড় বাজারের শহীদ সোহরাওয়ার্দী উদ্যানে জেলা ও শহর ফল ব্যবসায়ী সমিতির আয়োজনে এক সংবাদ সম্মেলনে এসব কর্মসূচির কথা জানান জেলা প্রশাসক ওবায়দুল আজম।
এ সময় বক্তব্য দেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটির সদস্য ও নরসিংদী সরকারি কলেজের শিক্ষক এ বি এম আমির হোসেন, নরসিংদী বড় বাজার পরিচালনা পর্ষদের সভাপতি বাবুল সরকার, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, বাজার কমিটির উপদেষ্টা মোন্তাজ উদ্দিন ভূইয়া প্রমুখ।