চার ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম রেলযোগাযোগ চালু
ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে চার ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকা-চট্টগ্রাম রেলযোগাযোগ চালু হয়েছে। নরসিংদীর রায়পুরা উপজেলার দৌলতকান্দি স্টেশনের কাছে আজ বুধবার সকাল আটটার দিকে মালবাহী কনটেইনার ট্রেনের পাঁচটি বগি লাইনচ্যুত হয়। এ কারণে ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেটসহ পূর্বাঞ্চলে রেলযোগাযোগ দুপুর ১২টা পর্যন্ত বন্ধ থাকে।
ভৈরব রেলওয়ে সূত্র জানায়, মালবাহী ট্রেনটি চট্টগ্রাম থেকে ঢাকা আসছিল। ট্রেনটি সকাল সাতটা ৫৫ মিনিটে ভৈরব স্টেশন অতিক্রম করে। আটটা ১০ মিনিটের দিকে দৌলতকান্দি স্টেশনের কাছে ট্রেনের মাঝামাঝি থাকা পাঁচটি বগি লাইনচ্যুত হয়। চালক বুঝতে না পেরে লাইনচ্যুত অবস্থায় ট্রেন কিছু দূর চালিয়ে নেন। এতে প্রায় এক কিলোমিটার লাইন ক্ষতিগ্রস্ত হয়। আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন গিয়ে উদ্ধারকাজ সম্পন্ন করলে প্রায় চার ঘণ্টা পর দুপুর ১২টায় রেলযোগাযোগ স্বাভাবিক হয়।
ভৈরবের স্টেশনমাস্টার খলিলুর রহমান প্রথম আলো ডটকমকে রেল লাইন সচল হওয়ার তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।