নরসিংদীতে বরকত উল্লাহ খানের ৪ অনুসারী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিতর্কিত ধর্মীয় নেতা বরকত উল্লাহ খানের চার অনুসারীকে গতকাল শনিবার নরসিংদীর সিভিল সার্জনের কার্যালয়ের সামনে থেকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। তাঁরা হলেন উপজেলার বিন্নাবাইদ গ্রামের রেজাউল করিম, সাদ্দাম, মানিক মিয়া ও ফারুক মিয়া। তাঁদের বেলাব থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।ডিবি পুলিশের উপপরিদর্শক আলিমুল হক জানান, কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার লোহাজুড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হায়দার মারুয়ার করা মামলায় তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।বরকত উল্লাহ খানের অনুসারীদের সংগঠন বিশ্বশান্তি আহ্বায়ক সমিতির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বলেন, ‘আমরা বিন্নাবাইদ ইউনিয়নে শান্তিপূর্ণভাবে বরকত উল্লাহর মতাদর্শ প্রচার করছিলাম। এতে ক্ষিপ্ত হয়ে কিছু লোক আমাদের বাড়িঘরে ভাঙচুর চালায়। এর প্রতিকার চেয়ে আমরা আইজিপির কাছে আবেদন করি। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে নরসিংদীর পুলিশ সুপারের কার্যালয় থেকে দুই পক্ষকে ডাকা হয়। সভা শেষে পুলিশ সুপারের কার্যালয় থেকে বের হওয়ার সময় পুলিশ আমাদের লোকজনকে গ্রেপ্তার করে।’বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সায়েদুর রহমান বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের কটিয়াদী থানার পুলিশের কাছে হস্তান্তর করা হবে।