
নরসিংদী শহরের চৌয়ালা শিল্প এলাকায় গতকাল বৃহস্পতিবার ঈদের বোনাস বাড়ানোর দাবিতে টেক্সটাইল শিল্প মালিক সমিতির কার্যালয় ও কয়েকটি কারখানায় ভাঙচুর ও আগুন দিয়েছেন বিক্ষুব্ধ শ্রমিকেরা। শ্রমিকদের হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে কমপক্ষে ১০টি পাওয়ারলুম কারখানা।এদিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার নিশ্চিন্তপুর এলাকার লিবাস টেক্সটাইল লিমিটেড কারখানায় আগুন দেওয়ার ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ গতকাল পর্যন্ত আটজনকে গ্রেপ্তার করেছে।নরসিংদীর কারখানা মালিকেরা দাবি করেন, চৌয়ালা শিল্প এলাকায় উৎপাদনের ভিত্তিতে শ্রমিকেরা মজুরি নেন। দুই বছর ধরে শুধু ঈদুল ফিতরে তাঁদের বোনাস দেওয়া হচ্ছে। প্রথম বছর এক হাজার এবং গত বছর শ্রমিকদের আন্দোলনের মুখে মালিক সমিতি ৫০০ টাকা বাড়িয়ে দেড় হাজার টাকা বোনাস নির্ধারণ করে। পাশাপাশি সিদ্ধান্ত হয়, আগামী কয়েক বছর শ্রমিকেরা বোনাসের পরিমাণ বৃদ্ধির দাবি করতে পারবেন না। কিন্তু এ বছর রমজানের শুরু থেকেই পাওয়ারলুম শ্রমিকেরা বোনাস বাড়ানোর দাবিতে মালিকপক্ষকে চাপ দিতে শুরু করেন। মালিকেরা আরও দাবি করেন, শ্রম মন্ত্রণালয়ের এক আদেশের পরিপ্রেক্ষিতে গত মঙ্গলবার সন্ধ্যায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে বুধবার (গতকাল) বেলা ১১টায় আঞ্চলিক ক্রাইসিস ম্যানেজমেন্ট কমিটির বৈঠক ডাকা হয়। বৈঠকে মালিকপক্ষের নেতাদের সঙ্গে সমঝোতা না করে কমিটির আহ্বায়ক স্থানীয় সাংসদ নজরুল ইসলাম একতরফা দুই ঈদে শ্রমিকদের চার হাজার টাকা বোনাস নির্ধারণ করে দেন। মালিকপক্ষ সাংসদের সিদ্ধান্ত না মেনে বৈঠক থেকে চলে যায়।
সাংসদ নজরুল সাংবাদিকদের বলেন, ‘আঞ্চলিক ক্রাইসিস ম্যানেজমেন্ট কমিটির আহ্বায়ক হিসেবে আমি মালিক নেতাদের সঙ্গে আলোচনা করে শ্রমিকদের ঈদ বোনাস প্রতি ঈদে দুই হাজার টাকা করার সিদ্ধান্ত দিয়েছি। সভায় উপস্থিত সমিতির সম্পাদক নান্নু আলী এই সিদ্ধান্ত মেনে নিয়েছেন।’
কারখানার মালিকেরা অভিযোগ করেন, এ অবস্থায় বৃহস্পতিবার দুপুরে মালিকপক্ষের গুলিতে আফাজ উদ্দিন নামের এক শ্রমিক আহত হওয়ার গুজব ছড়িয়ে নুরুল ইসলাম নামের এক শ্রমিকের নেতৃত্বে সন্ত্রাসী ও বহিরাগত কয়েক শ শ্রমিক চৌয়ালা শিল্প এলাকায় ঢুকে অনন্যা টেক্সটাইল, ফখরুল টেক্সটাইল, রশিদ টেক্সটাইল, আল আমিন টেক্সটাইল, রিয়াজ টেক্সটাইল, কাজল টেক্সটাইল, মাহাবুব টেক্সটাইল, সালমা সাইজিং টেক্সটাইলসহ ১০টি কারখানায় ভাঙচুর ও আগুন দেন। এ সময় কিছু শ্রমিক চৌয়ালা টেক্সটাইল মালিক সমিতির কার্যালয়ে হামলা চালিয়ে আসবাবপত্র ভাঙচুর করে আগুন দেন।
খবর পেয়ে পুলিশ ও অগ্নিনির্বাপণ কর্মীরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ সময় শ্রমিকেরা তাঁদের বাধা দেওয়ার চেষ্টা করলে দুই পক্ষে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।
নরসিংদী জেলা হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, কয়েকজন আফাজ উদ্দিন নামের এক শ্রমিককে হাসপাতালে এনে বলে তাঁর পায়ে গুলি লাগছে। তবে পরীক্ষা-নিরীক্ষা করে গুলির কোনো চিহ্ন পাওয়া যায়নি। পরে তাঁরা তাঁকে ঢাকা নেওয়ার কথা বলে নিয়ে যান।
চৌয়ালা শিল্প মালিক সমিতির সভাপতি লিয়াকত আলী ও সম্পাদক নান্নু খান প্রথম আলোর কাছে অভিযোগ করেন, ‘রাজনীতির নাম ব্যবহার করে বহিরাগত একটি প্রভাবশালী মহল মালিকদের কাছ থেকে মোটা অঙ্কের চাঁদা না পেয়ে শ্রমিকদের উসকে দিয়েছে। তারা আমাদের শ্রমিকদের নিয়ে রাজনীতি করে।
তবে জেলা শ্রমিক ফেডারেশনের উপদেষ্টা ও সাবেক ছাত্রলীগ নেতা এস এম কাইয়ুম বলেন, শ্রমিকেরা কাজের মধ্যে থাকলে আজ এ পরিস্থিতি তৈরি হতো না। কারখানা মালিকেরা কারখানা বন্ধ রাখার ফলে শ্রমিকেরা কাজ করতে পারেন না। তাই তাঁরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন।
গাজীপুরে গ্রেপ্তার ৮: কালিয়াকৈর উপজেলার নিশ্চিন্তপুর এলাকার লিবাস টেক্সটাইল লিমিটেড কারখানায় আগুনে প্রায় দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। কারখানায় আগুন দেওয়ার ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ গতকাল পর্যন্ত আটজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন শেরপুরের ঝিনাইগাতী থানার গান্ধিগাঁও এলাকার মো. জুলহাস (২৬), একই থানার বাককুড়া এলাকার আমিনুল ইসলাম (২৫), মুন্সিগঞ্জের লৌহজং থানার হলুদিয়া গ্রামের মো. হাসান (১৮), পাবনা সদরের দ্বীবচর এলাকার মো. সোহেল মিয়া (২৫), সিরাজগঞ্জের বেলকুচি থানার বেয়ারা গ্রামের ফরহাদ আলী (২৮), গাজীপুরের কালিয়াকৈর উপজেলার নিশ্চিন্তপুর এলাকার সুমন মিয়া (২৬), একই উপজেলার উত্তর কাঞ্চনপুর এলাকার সাথী আক্তার (২০) ও বগুড়া শিবগঞ্জ থানার টেপাগাড়ি এলাকার ফাহিমা আক্তার (৩০)।
লিবাস টেক্সটাইল লিমিটেড নামের পোশাক কারখানায় ঈদের বোনাস কম দেওয়ার প্রতিবাদে গত বুধবার দুপুরে শ্রমিকেরা কারখানার নিচতলায় আগুন দেন। এতে ওই তলার কাপড়, যন্ত্রপাতি, আসবাবপত্র, কম্পিউটারসহ মূলবান মালামাল পুড়ে যায়।
আগুন দেওয়ার ঘটনায় গতকাল পর্যন্ত কোনো মামলা হয়নি। তবে কারখানার সহকারী ব্যবস্থাপক জিয়াউর রহমান বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
এদিকে কারখানার ভবনের নিচতলা ও দ্বিতীয় তলা বাদ দিয়ে অন্যান্য তলায় শ্রমিকেরা গতকাল সকাল থেকে কাজে যোগ দিয়েছেন। দুই-তিন দিনের মধ্যে কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের ঈদ বোনাস ও বেতন পরিশোধ করবে বলে জানা গেছে।