নরসিংদীতে বাস কাভার্ড ভ্যান সংঘর্ষ, নিহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদী সদর উপজেলায় গতকাল বুধবার বাস-কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে অন্তত পাঁচজন নিহত হয়েছে। একই দিন বেলাব উপজেলার নারায়ণপুর বাসস্ট্যান্ড এলাকায় আরেকটি দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। দুটি ঘটনায় আহত হয়েছে অন্তত ২৪ জন।দুটি ঘটনায় নিহত ব্যক্তিদের মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন বাসের চালক ভোলা জেলার দৌলতখান উপজেলার মেরুয়া গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে আকতার হোসেন (৪২), ফরিদপুর সদরপুর উপজেলার চন্দ্রপাড়া গ্রামের মজিবর রহমানের ছেলে আল আমিন মিয়া (২৩), সুনামগঞ্জ সদর উপজেলার কুমিরআই গ্রামের মানুর মিয়ার ছেলে সৌদিপ্রবাসী আবদুল আউয়াল (৪০) ও হবিগঞ্জ সরকারি বৃন্দাবন কলেজের ইসলাম শিক্ষা বিভাগের শিক্ষক নরসিংদী শহরের দাসপাড়া এলাকার বাসিন্দা ইসমাইল হোসেন (৫০)। আবদুল আউয়াল দেশে দুই মাসের ছুটি কাটিয়ে সৌদি আরব যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে যাচ্ছিলেন।এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল ভোর সাড়ে চারটার দিকে আমদিয়া ইউনিয়নের কান্দাইল বাসস্ট্যান্ড এলাকায় সিলেট থেকে ঢাকাগামী নিউ লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও নারায়ণগঞ্জের কাঁচপুর এলাকা থেকে ছেড়ে আসা নরসিংদীগামী মালবাহী কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক নারীসহ পাঁচজনের মৃত্যু হয়। নিহত ব্যক্তিরা সবাই বাসের যাত্রী ছিলেন। আহত হয়েছে অন্তত ২০ জন। মাধবদী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. সেলিম মিয়া প্রথম আলোকে বলেন, সম্ভবত বাসের চালক ঘুমিয়ে পড়েছিলেন। তাই এ দুর্ঘটনা ঘটেছে। নিহত ব্যক্তিদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। কাভার্ড ভ্যানের চালক ও তাঁর সহকারী পালিয়ে গেছেন।বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান ভূইয়া বলেন, দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের নারায়ণপুর এলাকায় সিএনজিচালিত একটি অটোরিকশা ও মালবাহী ট্রলির মুখোমুখি সংঘর্ষে ইসমাইল হোসেন নামের একজন নিহত হন। অটোরিকশার চালকসহ আহত হয়েছেন চারজন।