নরসিংদীতে বিএনপির এক পক্ষের হামলায় কর্মিসভা পণ্ড, আহত ৫
নরসিংদীর রায়পুরায় বিএনপির এক পক্ষের হামলায় জেলা বিএনপির সাধারণ সম্পাদকসহ পাঁচ নেতা-কর্মী আহত হয়েছেন। এ সময় দুটি মাইক্রোবাস ভাঙচুর করা হয়। হামলার কারণে উত্তর বাখরনগর ইউনিয়ন বিএনপির কর্মিসভা পণ্ড হয়ে যায়। আহত ব্যক্তিদের মধ্যে রায়পুরা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রহমানকে নরসিংদী সদর হাসপাতালে এবং তিনজনকে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আর জেলা বিএনপির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন মাস্টার চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন।বিএনপির দলীয় সূত্র জানায়, গত জাতীয় সংসদ নির্বাচনের সময় থেকে উত্তর বাখরনগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. হানিফসহ বেশ কিছু নেতা-কর্মীকে মান্নান ভূঁইয়ার অনুসারী হিসেবে চিহ্নিত করে দল থেকে দূরে সরিয়ে রাখা হয়। নির্বাচনের পর মো. হানিফ অঘোষিতভাবে দল থেকে বহিষ্কৃত হন। এ অবস্থায় গতকাল শনিবার বিকেলে রায়পুরা বিবিএল উচ্চবিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপির কর্মিসভা আহ্বান করা হয়। কর্মিসভায় যোগ দেওয়ার জন্য জেলা বিএনপির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন ও রায়পুরা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রহমানসহ নেতারা দুটি মাইক্রোবাসযোগে লোচনপুরা বাজার এলাকা অতিক্রম করার সময় শতাধিক লোক দেশীয় অস্ত্র নিয়ে গাড়ি দুটির গতিরোধ করেন। পরে তাঁদের গাড়ি থেকে বের করে মারধর করা হয়। এ সময় গাড়ি দুটি ভাঙচুর করা হয়। পরে রায়পুরা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রহমানের কয়েক শ সমর্থক বিক্ষোভ মিছিল বের করেন। পরে তাঁরা বারৈচা-রায়পুরা সড়ক অবরোধ করে প্রতিবাদ সভা করেন। প্রতিবাদ সভা থেকে হামলার জন্য উত্তর বাখরনগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. হানিফ ও তাঁর সমর্থকদের দায়ী করা হয়।নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন বলেন, ‘হামলাকারীরা রায়পুরা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রহমানকে লাঠি ও হাতুড়ি দিয়ে আঘাত করে গুরুতর জখম করেছে। তাঁকে রক্ষা করতে এগিয়ে গেলে আমাদেরও মারধর করা হয়।’ তাঁর অভিযোগ সহযোগিতা চেয়ে রায়পুরা থানায় ফোন করেও কোনো সাড়া পাওয়া যায়নি। মো. হানিফ হামলার অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমাকে সংস্কারপন্থী হিসেবে আখ্যা দিয়ে অনেক আগেই দল থেকে দূরে সরিয়ে রাখা হয়েছে। আমিও এখন দল থেকে দূরে আছি। আমার রাজনৈতিক পরিচিতির ওপর কালিমা দেওয়ার জন্য দলের একটি পক্ষ পরিকল্পিতভাবে আমার বিরুদ্ধে হামলার অভিযোগ এনেছে।’রায়পুরা থানার পরিদর্শক (তদন্ত) মমিনুল ইসলাম বলেন, ‘বিএনপির কর্মিসভার তথ্য আমাদের কাছে ছিল না। সভার অনুমতিও নেওয়া হয়নি।’