নরসিংদীতে বিএনপির শোক র্যা লিতে পুলিশের বাধা?
ঢাকার গুলশানে হলি আর্টিজান বেকারি রেস্তোরাঁ ও কিশোরগঞ্জের শোলাকিয়ায় জঙ্গি হামলায় নিহত ব্যক্তিদের স্মরণে গতকাল মঙ্গলবার মানিকগঞ্জে শোক র্যা লি করেছে বিএনপি। নরসিংদীতে বিএনপির শোক র্যালিতে পুলিশ বাধা দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
নরসিংদীতে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল শহরের বাজির মোড়ে শোক র্যালি ও আলোচনা সভা করার কথা ছিল জেলা বিএনপির। তবে পুলিশের অনুমতি না পাওয়ায় চিনিশপুর এলাকায় জেলা বিএনপির কার্যালয়ের সামনে শোক র্যালি বের করা হয়। পরে পুলিশি বাধায় তা সম্ভব হয়নি। পরে কার্যালয়ের ভেতরে আলোচনা সভা করা হয়। সেখানে জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি সুলতান উদ্দিন মোল্লা, শহর বিএনপির সভাপতি গোলাম কবির, জেলা যুবদলের আহ্বায়ক মহসীন হোসাইন, জেলা ছাত্রদলের সভাপতি নজরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
জেলা বিএনপির দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম বলেন, ‘যেহেতু কেন্দ্রীয় কর্মসূচি; তাই লিখিত আবেদন করা হয়নি, মৌখিকভাবে বলা হয়েছিল। পুলিশ বাজির মোড়ে কর্মসূচি করতে নিষেধ করেছিল। পরে আমরা জেলা বিএনপির কার্যালয়ের সামনে শোক র্যালি বের করার চেষ্টা করলে সেখানেও পুলিশ বাধা দেয়। পরে আলোচনা সভা করেছি।’
নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, বিএনপির কোনো নেতা-কর্মী শোক র্যালি বা সভা করার অনুমতি চেয়ে আবেদন করেননি। আর তাঁদের কোনো বাধাও দেওয়া হয়নি।
এদিকে মানিকগঞ্জে গতকাল বেলা ১১টার দিকে জেলা শহরের দলীয় কার্যালয় থেকে শোকযাত্রা বের করা হয়। এরপর শহীদ রফিক সড়ক ঘুরে দলীয় কার্যালয়ের পাশে সমাবেশ করা হয়। এতে জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি মোকছেদুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক তোজাম্মেল হক, সাংগঠনিক সম্পাদক এস এ জিন্নাহ কবির, জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী রায়হান উদ্দিন প্রমুখ। এ সময় অন্যান্যের মধ্যে জেলা বিএনপির সহসভাপতি আতাউর রহমান ভুঁইয়া, সহসভাপতি আবদুল বাতেন, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল কুদ্দুস মজলিশ খান, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এস এম ইকবাল হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শরীফ ফেরদৌস, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
মোকছেদুর রহমান বলেন, ভবিষ্যতে এ ধরনের ঘটনা যেন না ঘটে, সে জন্য সরকারকে সব দলের অংশগ্রহণে জাতীয় ঐক্য গড়ার উদ্যোগ নিতে হবে।