নরসিংদীতে বিএনপির সাবেক নেতাকে হত্যা
নরসিংদী সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. আবদুল হান্নানকে (৬৫) সন্ত্রাসীরা গলা কেটে হত্যা করেছে। গতকাল বৃহস্পতিবার রাত আটটার দিকে সদর উপজেলার শীলমান্দি ইউনিয়নের গণেরগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।নিহত আবদুল হান্নান শীলমান্দি ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান ও নরসিংদীর পাইকারি কাপড়ের হাট শেখেরচর-বাবুরহাট বণিক সমিতির সাবেক সভাপতি।পুলিশ জানায়, আবদুল হান্নান গতকাল সন্ধ্যা সাড়ে সাতটার দিকে স্থানীয় আবদুল্লাহ বাজার থেকে শেখেরচরে নিজ বাড়িতে ফিরছিলেন। তিনি গণেরগাঁও একাব্বর মেম্বারের বাড়ির পাশের সড়কে পৌঁছা মাত্র পাঁচ-ছয়জন সন্ত্রাসী তাঁকে ধরে গলা কেটে হত্যা করে। স্থানীয় লোকজন সড়কে লাশ দেখে পুলিশে খবর দেয়। রাত সাড়ে আটটায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।নিহত ব্যক্তির চাচাতো ভাই ও শীলমান্দি ইউপির চেয়ারম্যান আবদুল বাকীর বলেন, ‘কী কারণে, কারা ভাইকে হত্যা করেছে, তা এখনো আমরা বলতে পারছি না। কারণ, তিনি বর্তমানে কোনো রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নন।’নরসিংদী সদর মডেল থানার ওসি আসাদুজ্জামান বলেন, সুরতহালের তথ্য অনুযায়ী, আবদুল হান্নানকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করা হয়েছে। হত্যার কারণ অনুসন্ধান করা হচ্ছে।