নরসিংদীতে বিএনপির ৪১ নেতা-কর্মী কারাগারে
নরসিংদীতে তিন মামলায় বিএনপির ৪১ জন নেতা-কর্মীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। গতকাল বুধবার নরসিংদীর মুখ্য বিচারিক হাকিম নিতাই চন্দ্র সাহার আদালত এ আদেশ দেন।
বিএনপি সূত্রে জানা গেছে, মাধবদী পৌর বিএনপির সভাপতি আমান উল্লাহ ও সাংগঠনিক সম্পাদক মো. মিজানুর রহমান, জেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক শেখ ফরিদ, মাধবদী পৌরসভার কমিশনার মকবুল হোসেন, সদর উপজেলা তাঁতী দলের সাধারণ সম্পাদক মো. আজাহার আলী, মাধবদী ডিগ্রি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক আল আমিনসহ ৪১ জনকে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত বছরের ৩০ অক্টোবর বিএনপির ডাকা টানা ৬০ ঘণ্টার হরতাল চলছিল। ওই দিন নেতা-কর্মীরা হরতালের সমর্থনে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবদীতে গাছের গুঁড়ি ফেলে অবরোধ সৃষ্টি, পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুর ও ককটেল বিস্ফোরণসহ বিভিন্ন সহিংসতা চালান। এসব ঘটনায় পুলিশ বাদী হয়ে সদর মডেল থানায় বিএনপির ৯৩ জন নেতা-কর্মীর বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে একটি এবং সহিংসতা ও সরকারি কাজে বাধার অভিযোগে দুটি মামলা করেন। এসব মামলায় বিএনপির ৭৩ জন নেতা-কর্মীর বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।
গতকাল দুপুরে তিনটি মামলার অভিযোগপত্রের আসামি ৪৫ জন নেতা-কর্মী আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আদালত সহিংসতা ও সরকারি কাজে বাধার মামলা দুটিতে জামিন মঞ্জুর করেন। কিন্তু বিস্ফোরক মামলায় জামিন নামঞ্জুর করে আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে জেলা জজ আদালত স্বাস্থ্যগত সমস্যার কারণে সদর উপজেলা বিএনপির সভাপতি সমীর ভূঁইয়া, মাধবদী পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. জাকারিয়া ও দুই কর্মীকে অন্তর্বর্তীকালীন জামিন দেন। জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির বলেন, ‘আমাদের নেতা-কর্মীদের মিথ্যা মামলায় জড়ানো হয়েছে।’