নরসিংদীতে বিএনপির ৪৫ নেতা-কর্মী কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীতে তিন মামলায় সদর বিএনপির সভাপতিসহ ৪৫ জন নেতা-কর্মীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। আজ বুধবার দুপুরে নরসিংদীর মুখ্য বিচারিক হাকিম নিতাই চন্দ্র সাহার আদালতে নেতা-কর্মীরা আত্মসমর্পণ করলে তিনি এ আদেশ দেন।

গত বছরের ৩০ অক্টোবর ৬০ ঘণ্টার হরতালের সময় পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা, গাড়ি ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় এই ৪৫ জন আদালতে আত্মসমর্পণ করেন। এই ৪৫ জনের মধ্যে আছেন সদর উপজেলা বিএনপির সভাপতি সমীর ভূইয়া, মাধবদী পৌর বিএনপির সভাপতি আমান উল্লাহ, সাধারণ সম্পাদক মো. জাকারিয়া ও সাংগঠনিক সম্পাদক মো. মিজানুর রহমান, জেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক শেখ ফরিদ প্রমুখ।
জানা যায়, গত বছরের ৩০ অক্টোবর বিএনপির ডাকা টানা ৬০ ঘণ্টার হরতালে নেতা-কর্মীরা ঢাকা-সিলেট মহাসড়কে নরসিংদীর মাধবদীতে মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে মহাসড়ক অবরোধ, পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুর, ককটেল বিস্ফোরণসহ বিভিন্ন সহিংসতা চালান।
এসব ঘটনায় পুলিশ বাদী হয়ে সদর মডেল থানায় বিএনপির ৯৩ জন নেতা-কর্মীর বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি এবং সহিংসতা ও সরকারি কাজে বাধার অভিযোগে পৃথক দুটি মামলা করে। এসব মামলায় বিএনপির ৭৩ জন নেতা-কর্মীকে আসামি করে অভিযোগপত্র দেয় পুলিশ। আজ দুপুরে তিনটি মামলায় অভিযোগপত্রের ৪৫ জন নেতা-কর্মী আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। সহিংসতা ও সরকারি কাজে বাধা দেওয়ার মামলা দুটিতে তাঁরা জামিন পান। তবে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় আদালত তাঁদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।