নিহত ব্লগার রাজীব হায়দার সম্পর্কে আপত্তিকর লেখা সুপ্রিম কোর্টে বিতরণ ও তাঁকে ‘মুরতাদ’ বলে আখ্যায়িত করার প্রতিবাদে বিচারপতি মিজানুর রহমান ভূঁঞাকে নিজ জেলা নরসিংদীতে অবাঞ্ছিত ঘোষণা করেছে জেলা মুক্তিযোদ্ধা সংসদ ও সেক্টর কমান্ডারস ফোরাম।নরসিংদী জেলা প্রেসক্লাবে গত বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনে সংগঠন দুটির নেতারা ওই ঘোষণা দেন।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, বিচারপতি মিজানুর রহমান ব্লগার রাজীব সম্পর্কে যে অশোভন মন্তব্য করেছেন, তা অসাংবিধানিক। শাহবাগের গণজাগরণ মঞ্চে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে চলা আন্দোলনের সঙ্গে সারা দেশের মানুষ যখন সংহতি প্রকাশ করছে, তখন বিচারপতি মিজানুর রহমান মানবতাবিরোধী অপরাধীদের বিচার ভিন্ন খাতে প্রবাহিত করার চক্রান্তে লিপ্ত।সংবাদ সম্মেলনে বক্তব্য দেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোতালিব পাঠান, সহকারী কমান্ডার আবদুল হক ও মো. আরমান মিয়া, জেলা সেক্টর কমান্ডারস ফোরামের (সদর) সভাপতি মোজাম্মেল হোসেন ভূঁইয়া, শিবপুর উপজেলা কমান্ডার আজিজুর রহমান খান, রায়পুরা উপজেলা কমান্ডার মো. নজরুল ইসলাম প্রমুখ।