নরসিংদীতে বিদ্যুৎ লাইনে মই লেগে ছয়জনের মৃত্যু
নরসিংদীর রায়পুরার গোকুলনগর এলাকায় গতকাল বুধবার বিকেলে একটি ফিলিং স্টেশনের সামনে বৈদ্যুতিক সঞ্চালন লাইনে স্পৃষ্ট হয়ে ছয় ব্যক্তি মারা গেছেন। তাঁরা সবাই ওই এলাকার তাবাসসুম সার্ভিস সেন্টারে শ্রমিকের কাজ করতেন।
মৃত ব্যক্তিরা হলেন রামনগর গ্রামের শাহাজাহান মিয়ার ছেলে জাকারিয়া মিয়া (২৫), ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের ওবায়দুল্লাহর ছেলে বরকত হোসেন (১৮), দুদু মিয়ার ছেলে আবুল ফজল (৩০) ও হালিম মিয়া (৫০), কিশোরগঞ্জের ভৈরব উপজেলার কমলপুর মধ্যপাড়া গ্রামের টিটু মিয়ার ছেলে আওয়াল মিয়া (২০) এবং একই এলাকার নুরুল ইসলামের ছেলে কাউছার (৩০)।
পুলিশ বলেছে, রাস্তার একদিকে তাবাসসুম সার্ভিস সেন্টার, অন্যদিকে লাল মিয়া ফিলিং স্টেশন। শ্রমিকেরা একটি লোহার মই নিয়ে তাবাসসুম সার্ভিস সেন্টার থেকে লাল মিয়া ফিলিং স্টেশনে যাচ্ছিলেন। তাঁরা মইটি খাঁড়া করে রাস্তা পার হওয়ার সময় মইটি ওপরে থাকা বৈদ্যুতিক সঞ্চালন লাইন স্পর্শ করে। মইটি সঙ্গে সঙ্গে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার পর মারা যান আবুল ফজল।