নরসিংদীতে বোমা বিস্ফোরণে আহত ৮
নরসিংদীতে বোমা বিস্ফোরণে আটজন আহত হয়েছেন। গত রোববার রাতে সদর উপজেলার আলোকবালী ইউনিয়নের আলোকবালী দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশের ধারণা, বোমা তৈরির সময় বিস্ফোরণে তাঁরা আহত হয়েছেন।
আহত ব্যক্তিরা হলেন সুমন মিয়া, জলিল মিয়া, জুয়েল মিয়া, নাইম আহমেদ, বেদন মিয়া, মো. হানিফা, তপু মিয়া ও কাউছার মিয়া।
পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, আলোকবালী গ্রামটি চরাঞ্চলে অবস্থিত। সেখানে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বংশ বা ব্যক্তির অনুসারীদের মধ্যে প্রায়ই সংঘর্ষ হয়। সম্প্রতি ওই ইউনিয়নে মো. সাহেব ও রুবেল মিয়ার পক্ষের মধ্যে বিরোধ শুরু হয়। সর্বশেষ ইউনিয়ন পরিষদ নির্বাচনে পক্ষ দুটির বিরোধ চরম পর্যায়ে পৌঁছায়। এক সপ্তাহ আগে থেকে দুই পক্ষের লোকজনের মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দেয়। রোববার রাতে একটি ঘরে মো. সাহেবের পক্ষের লোকজন বসা ছিলেন। রাত আটটার দিকে ওই ঘরে বোমা বিস্ফোরিত হয়। পুলিশি পাহারায় তাঁরা নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
পুলিশ সুপার আমেনা বেগম বলেন, ‘আমাদের ধারণা, আহত ব্যক্তিরা বোমা তৈরি করছিলেন। সে সময় বিস্ফোরণে তাঁরা আহত হন। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করার প্রস্তুতি নিচ্ছে। আহত ব্যক্তিদের গ্রেপ্তার দেখানো হবে।’