নরসিংদীতে ব্যবসায়ী খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর বেলাব উপজেলার মাহমুদাবাদ এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে গতকাল রোববার সকালে মাইক্রোবাসে ডাকাতি হয়েছে। এ সময় ডাকাতের ছুরিকাঘাতে দুলাল মিয়া (৩০) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন দুলালের বড় ভাই হেলাল মিয়া (৩৫)। হতাহতদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার চরচারতলা গ্রামে। দুলালের আশুগঞ্জ বাজারে একটি মুঠোফোনে টাকা ভরার দোকান রয়েছে।হতাহতদের বড় ভাই স্বপন মিয়া জানান, মোটরসাইকেলের যন্ত্রাংশসহ প্রয়োজনীয় কেনাকাটা করতে দুলাল ও হেলাল সকাল আটটার দিকে ঢাকার উদ্দেশে রওনা হন। আশুগঞ্জ বাসস্ট্যান্ডে এসে তাঁরা দেখেন, একটি মাইক্রোবাসের চালক ঢাকার যাত্রী খুঁজছেন। তাঁরা ও একই গ্রামের মাজু মিয়া (৪৫) ওই মাইক্রোবাসে ওঠেন। মাজু মিয়া গতকাল সকাল ১০টার দিকে ভৈরবের মাতৃকা হাসপাতালে পুলিশকে জানান, দুলাল ও হেলালসহ তিনি যখন মাইক্রোবাসে ওঠেন, ওই সময় গাড়িতে চালক ও একজন যাত্রী ছিলেন। মাইক্রোবাসটি ভৈরব বাসস্ট্যান্ডে এলে আরও ছয়জন যাত্রী ওঠে। তারা সবাই ডাকাত ছিল বলে মাজু মিয়ার ধারণা। মাইক্রোবাস বেলাবর মাহমুদাবাদে যাওয়ামাত্র ডাকাতেরা দুলাল, হেলাল ও তাঁর গলায় ছুরি ঠেকিয়ে যা আছে সব দিতে বলে। এ সময় দুলাল নিজেকে রক্ষা করার চেষ্টা করেন। একপর্যায়ে ডাকাতেরা দুলাল ও হেলালকে ছুরিকাঘাত করে। মাজু বলেন, ‘আমার কাছে টাকাসহ যা ছিল, সবই ডাকাতের হাতে তুলে দিই। গলায় ছুরি ঠেকিয়ে রাখা ছাড়া তারা আমার কিছু করেনি। পরে কিছুটা দূরে লাল মিয়া ফিলিং স্টেশনের কাছে নিয়ে আমাদের তিনজনকে ফেলে তারা চলে যায়।’এ ঘটনার পর মাজু মিয়া ও স্থানীয় লোকজন দুলাল ও হেলালকে উদ্ধার করে ভৈরবের মাতৃকা হাসপাতালে নিয়ে যান।ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান কবির জানান, মাতৃকা হাসপাতালে আনার আগেই দুলালের মৃত্যু হয়। আহত হেলালকে পরে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওসি জানান, ডাকাতেরা মূলত নরসিংদীর মাহমুদাবাদ এলাকা থেকে ডাকাতি শুরু করে। নিহত দুলাল মিয়ার কোমরসহ শরীরের একাধিক স্থানে আঘাত করা হয়েছে। ডাকাতির ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।