নরসিংদীতে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
নরসিংদীতে কাজি রুবেল নামের এক জুট ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ছয়টায় জেলা শহরের পশ্চিম কান্দাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জুট ব্যবসায়ী কাজি রুবেল একই এলাকার মৃত কাজি মতি মিয়ার ছেলে। ব্যবসাসংক্রান্ত বিরোধের জের ধরে তাঁকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে পুলিশ ধারণা করছে। পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, কাজি রুবেলদের গ্রামের বাড়ি সদর উপজেলার চরদিঘলদী গ্রামে। দীর্ঘদিন ধরে তাঁরা পশ্চিম কান্দাপাড়া এলাকার একটি বাড়িতে ভাড়া থাকতেন। রুবেল গার্মেন্টসের জুট ও ডিমের পাইকারি ব্যবসা করতেন। গতকাল বিকেলে অন্যান্য দিনের মতো বাড়িতে দুপুরের খাবারের সময় তাঁর এক বন্ধু মোবাইল ফোনে তাঁকে বিকেলে স্থানীয় কাজি মার্কেটের সামনে আসতে বলে। বন্ধুর কথামতো রুবেল কাজি মার্কেটের সামনে গেলে এক বন্ধু তাঁকে ডেকে পশ্চিম কান্দাপাড়া এলাকার শুকরিয়া কিন্ডারগার্টেনের সামনে নিয়ে যায়। ওই সময় আগে থেকেই আরও তিন থেকে চারজনের একদল সন্ত্রাসী ওত পেতে ছিল। রুবেল ওই স্থানে পৌঁছামাত্র সন্ত্রাসীরা দাঁড়ালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। রুবেলের আত্মচিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাঁকে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নিহত কাজি রুবেলের ভাবি সেলিনা বেগম সদর হাসপাতালে সাংবাদিকদের জানান, রুবেল বিকেলে বাড়িতে খাওয়ার সময় তাঁকে কে যেন ফোন করে কাজি মার্কেটের সামনে যেতে বলে। পরে তিনি দ্রুত খেয়ে বাড়ি থেকে বের হয়ে যান। এর কিছুক্ষণের মধ্যেই তাঁর মৃত্যুর সংবাদ আসে। তাঁকে কেউ পরিকল্পিতভাবে হত্যা করেছে বলে দাবি করলেও কী কারণে হত্যা করা হয়েছে এ ব্যাপারে তিনি কিছুই বলতে পারেননি।