নরসিংদীতে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
নরসিংদীতে মোবারক হোসেন (৩৫) নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। গত শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে সদর উপজেলার মহিষাশুরা ইউনিয়নের ধামেরবাওলা এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।নিহত মোবারক মহিষাশুরা ইউনিয়নের শান্তিবাওলা গ্রামের মীর্জা আলেক মিয়ার ছেলে। এ ঘটনায় নিহতের ভাই কাউছার মাহমুদ বাদী হয়ে একটি হত্যা মামলা করেছেন। পুলিশ ও এলাকাবাসী সূত্রের বিবরণ অনুযায়ী, শান্তিবাওলা গ্রামের একটি বাজারের ক্ষুদ্র ব্যবসায়ী মোবারক মিয়ার সঙ্গে ধামেরবাওলা এলাকার মিজানুর রহমান মৃধার সুসম্পর্ক ছিল। সম্পর্কের খাতিরে মিজানুরের বাড়িতে মোবারক অবাধে যাওয়া-আসা করতেন। তবে এ বিষয়টি মিজানুরের দুই ছেলে শুভ ও বিল্লাল স্বাভাবিকভাবে মেনে নিতে পারেননি। এ নিয়ে তাঁদের মধ্যে পারিবারিক কলহ দেখা দেয়। মোবারক গতকাল রাতে মিজানুরের বাড়িতে যান। শুভ ও বিল্লাল মিয়া বাড়ির পাশে ডেকে নিয়ে মোবারককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, রাত সাড়ে ১০টার দিকে ঘটনাস্থল থেকে মোবারকের লাশ উদ্ধার করা হয়েছে। নরসিংদী সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।