নরসিংদীতে ব্যবসায়ীর দুই হাত কেটে নিয়েছে সন্ত্রাসীরা
নরসিংদী শহরের সেবা সংঘের এলাকায় গত সোমবার রাতে তারেক মিয়া (২৫) নামে এক ব্যবসায়ীর দুই হাত কেটে নিয়েছে সন্ত্রাসীরা। তারেক বর্তমানে রাজধানীর পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন।তারেকের বাড়ি সদর উপজেলার রাঙ্গামাটিয়া এলাকায়। শহরের বটতলা বাজারে তিনি একটি মুদির দোকান চালান।তারেকের বাবা হাসু মিয়া জানান, সোমবার প্রতিদিনের মতো তারেক দোকানে বসে বেচাকেনা করছিল। সন্ধ্যার দিকে কয়েকজন ব্যক্তি তাকে ডেকে নিয়ে যায়। এরপর রাত ১০টার দিকে তাঁদের কাছে খবর আসে, সন্ত্রাসীরা তারেকের দুই হাত কেটে ফেলেছে।সেবা সংঘ এলাকার লোকজন জানায়, রাত ১০টার দিকে একটি ভবনের পেছন থেকে কান্নার শব্দ পেয়ে তারা সেখানে গিয়ে দেখতে পায়, এক ব্যক্তি রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। পাশে বিচ্ছিন্ন হাত দুটি পড়ে আছে। কিছুক্ষণ পর পুলিশ এসে বিচ্ছিন্ন হাতসহ তারেককে উদ্বার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি দেখে চিকিৎসকেরা তাঁকে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠিয়ে দেন।নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।