নরসিংদীতে ব্যবসায়ীর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীতে গতকাল সোমবার আবদুর রাজ্জাক (৩২) নামের এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সদর উপজেলা শহরের সংগীতা মোড় এলাকায় নিজ ব্যবসাপ্রতিষ্ঠান থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। তাঁর বাড়ি সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের পশ্চিম ঘোড়াদিয়া এলাকায়।নিহত রাজ্জাকের পরিবার ও পুলিশ সূত্র জানায়, সংগীতা মোড়ে ‘মায়ের দোয়া’ নামের একটি হোটেল ও রেস্টুরেন্টের মালিক ছিলেন আবদুর রাজ্জাক। ব্যবসায় মন্দা দেখা দেওয়ায় চার মাস ধরে সেটি বন্ধ রয়েছে। তবে তিনি মাঝেমধ্যেই সেখানে রাত কাটাতেন। গত শনিবার রাতেও হোটেলে থাকার জন্য তিনি বাসা থেকে বের হয়ে আর ফেরেননি। এদিকে বন্ধ থাকা হোটেল থেকে দুর্গন্ধ বের হওয়ায় পার্শ্ববর্তী দোকানিরা স্থানীয় ইউপি চেয়ারম্যানকে খবর দেন। চেয়ারম্যানের কাছ থেকে খবর পেয়ে পুলিশ গতকাল দুপুর দেড়টার দিকে দোকানের তালা ভেঙে আবদুর রাজ্জাকের মৃতদেহ উদ্ধার করে।নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, প্রাথমিক সুরতহালে আবদুর রাজ্জাক দুই দিন আগে মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে। লাশে সামান্য পচন ধরেছিল। তা ছাড়া লাশের পাশে কিছু ঘুমের বড়ির খোসা পাওয়া গেছে। ময়নাতদন্তের জন্য লাশটি নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।