নরসিংদীতে বয়লার বিস্ফোরণে শিক্ষার্থীসহ নিহত ৩, আহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীতে একটি কারখানার বয়লার বিস্ফোরণে শিক্ষার্থীসহ তিনজন নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ছয়টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে শহরের সাহেপ্রতাব এলাকায় মেসার্স মকবুল ভূঁইয়া ক্যালেন্ডার অ্যান্ড ফিনিশিং মিলসে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছে আরও ১০ জন। আহতদের ঢাকা মেডিকেল হাসপাতাল ও নরসিংদী জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত ব্যক্তিরা হলেন: নরসিংদী পৌর এলাকার নবাববাড়ি মহল্লার জাহাঙ্গীর মিয়ার ছেলে আল আমিন (২২), শহরের বাঘহাটা এলাকার বেগম আক্তার (৪০) ও স্থানীয় বাঘহাটা নূর আফতাব উদ্দিন আদর্শ উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী ও উত্তর বাঘহাটা গ্রামের লুৎফর মিয়ার ছেলে হাসিম মিয়া (১৪)। আহত ব্যক্তিরা হলেন: স্থানীয় মক্তবের হুজুর আবদুল বাসেদ, মক্তবের শিক্ষার্থী হানিফ মিয়া, ট্রাকচালক আব্দুর রাজ্জাকসহ অজ্ঞাত আরও সাতজন। পুলিশ ও প্রত্যদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, গতকাল সকাল সাড়ে ছয়টার দিকে মেসার্স মকবুল ভূঁইয়া ক্যালেন্ডার অ্যান্ড ফিনিশিং মিলের একটি বয়লার বিস্ফোরণ ঘটে। এতে আল আমিন নামের কারখানার একজন শ্রমিক, মিলের পাশের বাড়িতে থাকা বেগম নামের এক মহিলা ও কারখানার পাশে স্থানীয় মক্তবে পড়তে আসা হাসিম নামের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, ‘কী কারণে মিলের বয়লার বিস্ফোরণ ঘটেছে, তা এখনো বোঝা যাচ্ছে না। শিগগিরই আমার অভিজ্ঞদের দিয়ে তা পরীক্ষা করে দেখা হবে।’ নিহত ব্যক্তিদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হচ্ছে।