নরসিংদীতে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ
নরসিংদী শহরের সেন্ট্রাল হাসপাতালে ভুল চিকিৎসার শিকার প্রসূতি শাহিনুর আক্তারের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।এর আগে সোমবার রাতে সিজারিয়ান অপারেশনে অতিরিক্ত রক্তক্ষরণে প্রসূতি শাহিনুরের অবস্থার অবনতি হলে ভুল চিকিৎসার অভিযোগ এনে হাসপাতাল ভাঙচুর করে স্বজনেরা।তাঁর পরিবারের লোকজন জানায়, সোমবার বেলা ১১টায় সিজারিয়ান অপারেশনের জন্য শহরের বৌয়াকুড় মহল্লার সাজিদ মিয়ার স্ত্রী প্রসূতি শাহিনুর আক্তারকে সেন্ট্রাল হাসপাতালে ভর্তি করা হয়। বেলা আড়াইটার দিকে প্রসূতির সিজারিয়ান অপারেশন শুরু হয়। অপারেশনে অতিরিক্ত রক্তক্ষরণে প্রসূতির অবস্থার অবনতি ঘটে। ওই সময় প্রসূতির পরিবার রোগীকে ঢাকা নিয়ে যেতে চাইলে হাসপাতাল কর্তৃপক্ষ দেয়নি। এদিকে অবস্থা অপরিবর্তিত হতে থাকলে রোগীর স্বজনেরা উত্তেজিত হয়ে পড়ে। এতে রোগীকে অপারেশন থিয়েটারে ফেলে চিকিৎসকেরা পালিয়ে যান। ওই সময় হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্বে অবহেলা ও ভুল চিকিৎসার অভিযোগ এনে হাসপাতাল ভাঙচুর করে স্বজনেরা।নিহতের স্বামী সাজিদ মিয়া সাংবাদিকদের বলেন, ‘অপারেশন শুরু করার এক ঘণ্টা পর হাসপাতাল থেকে জানানো হয়, আমার স্ত্রীর রক্তক্ষরণ হচ্ছে রক্তের প্রয়োজন। তিন ঘণ্টার ব্যবধানে আমার কাছ থেকে চার ব্যাগ রক্ত নেওয়া হয়। অবস্থার অবনতির বিষয়টি বুঝতে পেরে আমি রোগীকে ঢাকা নিয়ে যেতে চাই। কিন্তু তাঁরা বলেন কোনো সমস্যা নেই। এদিকে অবস্থার কোনো উন্নতি না হওয়ায় রোগীকে ফেলে চলে যান ডাক্তারেরা। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সকালে তার মৃত্যু হয়।’ হাসপাতালের পরিচালক বিধুভূষণ সাহা বলেন, ‘চিকিৎসক তাজরিন আক্তার ওই রোগীর সিজারিয়ান অপারেশন করেছেন। অপারেশনে ওই রোগীর অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে। আমরা সাধ্যমতো চেষ্টা করেছি। আর ভুল চিকিৎসা হলে তো রোগী আমাদের হাসপাতালে মারা যেত কিন্তু তা হয়নি, রোগী মারা গেছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। কারও হায়াত না থাকলে আমরা কী করব?’নরসিংদীর সিভিল সার্জন রমেশ চন্দ্র সাহা বলেন, এই ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি আগামী তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন পেশ করবে।