নরসিংদীতে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর মাধবদী পৌর এলাকায় হলি ক্রিসেন্ট প্রাইভেট হাসপাতাল নামের একটি বেসরকারি হাসপাতালে ভুল চিকিৎসায় শাবানা আক্তার (৩০) নামের এক নারীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় নিহত নারীর স্বজনেরা গতকাল রোববার হাসপাতালে ভাঙচুর করেছেন।সূত্র জানায়, এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ রোগীর স্বজনদের সঙ্গে সমঝোতা করলে পরিস্থিতি স্বাভাবিক হয়।সূত্র জানায়, গত শুক্রবার রাতে মাধবদী এলাকার আবদুল মালেক মিয়ার মেয়ে শাবানা আক্তারের প্রসব-বেদনা উঠলে তাঁকে স্থানীয় হলি ক্রিসেন্ট হাসপাতালে নেওয়া হয়।শাবানার বাবা মালেক মিয়ার অভিযোগ, তাঁর মেয়ের উচ্চ রক্তচাপ থাকা সত্ত্বেও হাসপাতালের গাইনি বিভাগের চিকিৎসক সুমনা রহমান শুক্রবার রাতেই অস্ত্রোপচার করেন। অস্ত্রোপচারের পর থেকে রোগীর উচ্চ রক্তচাপ বাড়তে থাকে। শনিবার রাত আনুমানিক তিনটার দিকে রোগীর শ্বাসকষ্ট শুরু হলে হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ইকবাল হাসানকে তাঁরা বিষয়টি জানান। কিন্তু তিনি বিষয়টি গুরুত্ব না দিয়ে সকালে দেখবেন বলে জানান। শাবানার বাবার দাবি, চিকিৎসকের অবহেলার কারণে রাত চারটার দিকে শাবানার মৃত্যু হয়।স্থানীয় ও হাসপাতাল সূত্র জানায়, গতকাল সকাল সাড়ে আটটার দিকে শাবানার স্বজনেরা হাসপাতালে ভাঙচুর শুরু করেন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নাম প্রকাশে অনিচ্ছুক হাসপাতালের একজন কর্মচারী জানান, শাবানার স্বজনদের সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষ আর্থিক সমঝোতা করলে পরিস্থিতি স্বাভাবিক হয়।হলি ক্রিসেন্ট হাসপাতালের ব্যবস্থাপক জাকির হোসেন প্রথম আলোকে জানান, রোগীর উচ্চ রক্তচাপ ছিল, কিন্তু চিকিৎসকের ভুল চিকিৎসা কিংবা অবহেলা ছিল না। এ ব্যাপারে বক্তব্য জানতে চিকিৎসক সুমনা রহমানের মুঠোফোনে যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি। আর চিকিৎসক ইকবাল হাসানের মুঠোফোন বন্ধ পাওয়া যায়।মাধবদী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আবদুর রাজ্জাক জানান, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।