নরসিংদীতে ভূমি অধিগ্রহণ নিয়ে অনিয়মের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীতে আজমতপুর-ইটাখোলা সড়কের জন্য ভূমি অধিগ্রহণে অনিয়মের অভিযোগ করেছেন প্রকৃত ভূমিমালিকেরা। তাঁরা দাবি করছেন, তাঁদের জমিতে থাকা স্থাপনা বাদ দিয়ে ক্ষতিপূরণের তালিকা করা হয়েছে। কিন্তু এলাকায় জমি ভাড়া নিয়ে যারা নতুন স্থাপনা করেছে, তাদের স্থাপনা ঠিকই ক্ষতিপূরণের তালিকায় স্থান পেয়েছে।
এর প্রতিকার চেয়ে গত রোববার জেলা প্রশাসক বরারবর আবেদন করেছেন ভুক্তভোগীরা। ঘুষ নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা এ অনিয়ম করেছেন বলে অভিযোগ তাঁদের।
অভিযোগপত্রে উল্লেখ করা হয়, আজমতপুর-ইটাখোলা সড়ক নির্মাণ প্রকল্পের একটি অংশে পাকড়াগঞ্জ ও চরসিন্দুর মৌজার সোয়া ছয় একর ভূমি অধিগ্রহণ কার্যক্রম চূড়ান্ত পর্যায়ে রয়েছে। গত বছর সড়ক ও জনপথ বিভাগের (সওজ) শফিকুর রহমান, নকশাকার আজাদুর রহমান, সার্ভেয়ার আক্তার হোসেন, জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ শাখার কানুনগো আতিকুর রহমান মজুমদার (বর্তমানে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কর্মরত), সার্ভেয়ার আক্তারুজ্জামান ও সাখাওয়াত হোসেন জরিপকাজ পরিচালনা করেন। তাঁরা সরেজমিনে প্রকৃত ভূমি মালিকদের ভূমি, স্থাপনা, দোকানপাট, গাছপালা তালিকাভুক্ত করেন। কিন্তু চলতি বছরের ৯ ফেব্রুয়ারি স্থানীয় লোকজন একটি নোটিশ পান। তার সূত্রে গণপূর্ত বিভাগের লোকজনের মাধ্যমে তাঁরা জানতে পারেন প্রকৃত মালিকদের অনেকের স্থাপনা, গাছপালা বাদ পড়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা সওজের শফিকুর রহমান, কানুনগো আতিকুর রহমান মজুমদারের কাছে তালিকায় স্থাপনা বাদ দেওয়ার কারণ জানতে চাইলে তাঁরা স্থানীয় দুই দালালের মাধ্যমে ঘুষ দাবি করেন। ভূমি মালিকেরা টাকা দিতে অস্বীকৃতি জানিয়ে জেলা প্রশাসকের কাছে প্রতিকার চেয়ে আবেদন করেন।
ওই আবেদনের পরিপ্রেক্ষিতে ১৮ মে ভূমি অধিগ্রহণ শাখা থেকে শুনানিতে ডাকা হয় অভিযোগকারীদের। তখনকার ভূমি অধিগ্রহণ কর্মকর্তা আরিফা জোহরা শুনানি নেন। দ্বিতীয় দফায় গত ১৭ আগস্ট শুনানির দিন ধার্য করে বর্তমান অধিগ্রহণ কর্মকর্তা এস এম মাইনুদ্দিন। শুনানিতে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের জানানো হয়, অধিগ্রহণের জন্য করা জরিপের ভিডিওতে স্থানীয় লোকজনের স্থাপনার ছবি নেই। কিন্তু ওই ভিডিওতে এলাকায় জমি ভাড়া নিয়ে ক্ষতিপূরণের আশায় একতলা-দোতলা ভবন তৈরি করেছেন, এমন লোকজনের স্থাপনার চিত্র দেখা যায়। এ অবস্থায় প্রকৃত ভূমি মালিকেরা গত রোববার জেলা প্রশাসকের কাছে আবার অভিযোগ দায়ের করেন।
ভুক্তভোগী নাসিম চৌধুরী, মোশারফ হোসেনসহ আট-নয়জন প্রথম আলোকে বলেন, ‘টাকা দিইনি বলে ভিডিও চিত্রে আমাদের ভূমির ওপর থাকা বাড়িঘর, দোকানপাট, গাছপালা দেখানো হয়নি। কিন্তু আমাদের কাছ থেকে জমি ভাড়া নিয়ে যারা ঘরবাড়ি করেছে, তাদের সবকিছুই ভিডিওতে অন্তর্ভুক্ত হয়েছে। যে ভিডিও দেখানো হয়েছে তা কাটপিস।’
অভিযোগ অস্বীকার করে কানুনগো আতিকুর রহমান বলেন, টাকাপয়সা চাওয়ার প্রশ্নই ওঠে না। এ ব্যাপারে একটি তদন্তও হয়েছিল। কিন্তু অভিযোগ প্রমাণিত হয়নি।
ভূমি অধিগ্রহণ কর্মকর্তা এ এস এম মাইনুদ্দিন বলেন, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত এ ব্যাপারে প্রাতিষ্ঠানিক কোনো বক্তব্য আমি দিতে পারব না।’
জানতে চাইলে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জসীম উদ্দিন হায়দার বলেন, ‘অভিযোগ পেয়েছি। যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’