নরসিংদীতে ভোট না দেওয়ায় ব্যবসায়ীকে কুপিয়ে আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদী পৌরসভার মেয়র পদে উপনির্বাচনের এক দিনের ব্যবধানে নির্বাচনী সহিংসতার ঘটনা ঘটেছে। এতে প্রতিপক্ষের হামলায় ধারালো অস্ত্রের আঘাতে পিন্টু সাহা (৩৫) নামের এক ব্যবসায়ী আহত হয়েছেন। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে নরসিংদী সদর হাসপাতাল ও পরে ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শনিবার নরসিংদী বাজারের সুতাপট্টি এলাকায় এ ঘটনা ঘটে। পিন্টু সাহা এলাকায় নবনির্বাচিত মেয়র কামরুজ্জামান কামরুলের সমর্থক হিসেবে পরিচিত। কামরুল অভিযোগ করেন, ভোট না দেওয়ায় মোন্তাজ উদ্দিন ভূঁইয়ার সমর্থকেরা এই হামলা চালিয়েছে।নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান জানান, পিন্টু সাহা বাজারের ব্যবসায়ী। তাঁর ভাই রঞ্জন সাহা জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্পাদক। শুক্রবার দুপুরে নির্বাচনকে কেন্দ্র করে ব্যাপারীপাড়া এলাকার কয়েকজনের সঙ্গে তাঁর বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এলে একই এলাকার সাবেক পৌর চেয়ারম্যান আবদুল মতিন সরকার বিষয়টি সমাধানের দায়িত্ব নেন। আহত পিন্টু সাহার ভাই রঞ্জন সাহা সাংবাদিকদের বলেন, ‘এই ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছি।’নবনির্বাচিত মেয়র কামরুজ্জামান বলেন, নরসিংদীবাসী সন্ত্রাসীর বিরুদ্ধে রায় দিয়েছে। তাই সন্ত্রাসীরা উত্তেজিত হয়ে এখন আমার সমর্থকদের ওপর হামলা চালাচ্ছে। প্রশাসনের সহযোগিতায় সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।গতকাল রাতে পরাজিত মেয়র পদপ্রার্থী শহর আওয়ামী লীগের সভাপতি মোন্তাজ উদ্দিন ভূঁইয়ার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তা বন্ধ পাওয়া যায়।