নরসিংদীতে মহাসড়কে ফের উচ্ছেদ অভিযান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নরসিংদীতে ঢাকা-সিলেট মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালিয়েছে সড়ক ও জনপথ বিভাগ (সওজ)। গতকাল বুধবার দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলা প্রশাসনের সহযোগিতায় এই অভিযানে প্রায় শতাধিক দোকানপাট গুঁড়িয়ে দেওয়া হয়।
মহাসড়কের ভেলানগর জেলখানা মোড় থেকে পাঁচদোনা মোড় পর্যন্ত প্রায় ছয় কিলোমিটার এলাকায় এ অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ইউএনও মো. মোতাকাব্বির আহমেদ।
ইউএনও মোতাকাব্বির আহমেদ বলেন, এটি প্রশাসনের নিয়মিত অভিযানের অংশ। অভিযান চলাকালে কোনো দখলদারকে পাওয়া যায়নি। তাই জরিমানা কিংবা সাজা দেওয়া সম্ভব হয়নি। শুধু উচ্ছেদ করে সওজের জায়গা দখলমুক্ত করা হয়েছে। তিনি বলেন, অভিযানের আগে একাধিকবার মৌখিকভাবে সতর্ক এবং মাইকিং করানো হয়েছিল। কিন্তু দখলদারেরা নিজ দায়িত্বে স্থাপনা সরায়নি।