নরসিংদীতে মাইক্রোবাস ও ট্রাকের সংঘর্ষে ২ চিকিৎসকসহ নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর শিবপুর উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে গতকাল শুক্রবার পাথরবোঝাই ট্রাকের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুই চিকিৎসকসহ তিনজন নিহত হয়েছেন।
নিহত দুই চিকিৎসক হলেন মো. কলিমুল্লাহ (৫৫) ও স্মৃতি রানী সাহা (৩৫)। অপরজন হলেন মাইক্রোবাসটির চালক মনির হোসেন (৩৫)। নিহত কলিমুল্লাহ রাজধানীর ন্যাশনাল হাসপাতালের চিকিৎসক ও বাড়ি কক্সবাজারের কুতুবদিয়ায়। তিনি ভৈরবের সেন্ট্রাল হাসপাতালে রোগী দেখতেন। স্মৃতি রানী সাহা ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও বাড়ি জয়পুরহাটে। তিনি ভৈরবের পদ্মা জেনারেল হাসপাতালে রোগী দেখতেন।
এ দুর্ঘটনায় আহত হয়েছেন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের চিকিৎসক বিজন কুমার সাহা (৪০), তাঁর মা অনিমা সাহা (৬৫), গৃহকর্মী লাকি সাহা (১৮), ভৈরবের মেঘনা ডায়াগনস্টিক সেন্টারের চিকিৎসক মোস্তাফিজুর রহমান (৩২) এবং জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের চিকিৎসক মো. তানভীর আহমেদ (৩৫)। হতাহত চিকিৎসকেরা সবাই মাইক্রোবাসে কের ঢাকা থেকে ভৈরবের বিভিন্ন হাসপাতালে রোগী দেখতে যাচ্ছিলেন।
পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন বলেছেন, চিকিৎসকদের বহনকারী মাইক্রোবাসটি সকালে ঢাকা-সিলেট মহাসড়কে শিবপুরের কোন্দারপাড়ায় একটি গাড়িকে পাশ কাটাতে গিয়ে বিপরীত দিক থেকে আসা পাথরবোঝাই ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। ঘটনাস্থলে মাইক্রোবাস চালক মনির ও চিকিৎসক কলিমুল্লাহ নিহত হন। ফায়ার সার্ভিসের একটি দল ও স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে যায়। এ সময় স্মৃতি রানী সাহাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
জেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক নাজমুন নাহার বলেন, আহত ব্যক্তিদের কয়েকজন মাথায় গুরুতর আঘাত পেয়েছেন। উন্নত চিকিৎসার জন্য তাঁদের ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।
ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মিজানুর রহমান বলেন, দুর্ঘটনাকবলিত যান দুটি পুলিশ হেফাজতে রয়েছে। ওই তিনজনের লাশ বিনা ময়নাতদন্তে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় ট্রাকচালককে আসামি করে মামলা হয়েছে। তবে কাউকে আটক করা যায়নি।