নরসিংদীতে মাটিচাপায় নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদী সদর উপজেলার সাহেপ্রতাপ এলাকায় একটি ইটভাটায় কাজ করার সময় মাটিচাপা পড়ে শাহাদাত হোসেন (৩০) নামের এক শ্রমিক নিহত ও পাঁচজন আহত হয়েছেন। গতকাল শনিবার দুপুর ১২টার দিকে এ হতাহতের ঘটনা ঘটে। নিহত ব্যক্তির বাড়ি সদর উপজেলার ধামেরবাউলা এলাকায়।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ১০-১৫ জনের একটি শ্রমিক দল সকাল থেকে আর কে এস ইটভাটায় উঁচু মাটির স্তূপ থেকে মাটি কাটছিলেন। এ সময় হঠাত্ ওপর থেকে মাটি ধসে পড়লে ছয় শ্রমিক মাটিচাপা পড়েন। পরে অন্যান্য শ্রমিক ও আশপাশের লোকজন গুরুতর আহত অবস্থায় তাঁদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালে নেওয়ার পথে শাহাদাত হোসেন মারা যান। আহত ব্যক্তিরা হলেন, আলেক চান (৪০), নূরু মিয়া (২৮), ইসমাইল মিয়া (৩০), খলিল মিয়া (৩৮) ও রহিম মিয়া (৪৫)।শ্রমিকেরা অভিযোগ করেন, দুর্ঘটনার খবর পেয়েও মালিকপক্ষের কেউ ঘটনাস্থলে আসেনি। এ ব্যাপারে ইটভাটাটির মালিক রণজিত্ সাহার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি। নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, ‘হতাহতের খবর আমরাও শুনেছি। তবে এখনো কেউ কোনো অভিযোগ করেনি।’