নরসিংদীতে মাদকের আধিপত্যের জের, একজনকে কুপিয়ে হত্যা
নরসিংদী পৌর শহরের রাঙ্গামাটি মহল্লায় মাদকের আধিপত্য নিয়ে দুই সন্ত্রাসী পক্ষের দ্বন্দ্বের জের ধরে এক পক্ষের প্রধানকে কুপিয়ে হত্যা করেছে অন্য পক্ষের সন্ত্রাসীরা।গতকাল শুক্রবার জুমার নামাজের সময় শহরের মাদক জোন হিসেবে পরিচিত রাঙ্গামাটি ঈদগাহ মাঠ এলাকায় এ হত্যাকাণ্ড ঘটেছে। নিহত ব্যক্তির নাম মো. ইসমাইল মিয়া (২২)। তাঁর বাবার নাম মৃত শহীদ মিয়া। তাঁর বাড়ি নরসিংদী পৌর শহরের রাঙ্গামাটি পানির ট্যাংক বস্তি এলাকায়। এ ঘটনায় নরসিংদী রেলস্টেশন কলোনি এলাকা থেকে নাসিম মিয়া নামের একজনকে আটক করেছে সদর মডেল থানার পুলিশ।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মহাজোট সরকার ক্ষমতায় আসার পর থেকে রাজনৈতিক ছত্রছায়ায় রাঙ্গামাটি ও কাজীর মার্কেট এলাকায় প্রকাশ্যেই ইয়াবা, ফেনসিডিল, হেরোইনসহ বিভিন্ন মাদক বিক্রি হয়। এলাকার আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় একাধিক সন্ত্রাসী গ্রুপের মধ্যে প্রায়ই সংঘর্ষের ঘটনা ঘটেছে। সম্প্রতি নিহত ইসমাইল ও তাঁর সহযোগীরা অপর গ্রুপের হাসেম মিয়া ওরফে হাসুর ছেলে মাদক ব্যবসায়ী তারেক মিয়ার দুই হাত কেটে নেয়। এ ঘটনায় মামলা হলে কয়েক দিন আগে নিহত ইসমাইল মিয়া জামিনে বেরিয়ে আসেন। এর পর থেকে অপর পক্ষের সন্ত্রাসীরা তাঁকে মারার জন্য ওত পেতেছিল বলে জানায় স্থানীয় এলাকাবাসী। এরই জের ধরে গতকাল জুমার নামাজের সময় বেলা দেড়টার দিকে মোবাইল ফোনের মাধ্যমে ইসমাইল মিয়াকে বাড়ি থেকে ডেকে আনা হয়। ইসমাইল মিয়া রাঙ্গামাটি ঈদগাহ মাঠ এলাকায় আসামাত্র পেছন দিক থেকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে পালিয়ে যায় অপর পক্ষের সন্ত্রাসীরা। নামাজ শেষ করে স্থানীয় লোকজন মসজিদ থেকে বের হয়ে ইসমাইল মিয়াকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকি ৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, ইসমাইল কয়েক দিন আগে জেল থেকে ছাড়া পান। তাঁর বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। নিহত ইসমাইলের লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।