নরসিংদীতে মানববন্ধন সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদী সরকারি কলেজ ছাত্রসংসদের সাধারণ সম্পাদক (জিএস) ও কলেজ শাখা ছাত্রদলের সভাপতি বিল্লাল হোসেন ওরফে রনি হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও তাদের বিচারের দাবিতে কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা মানববন্ধন করেছেন। গতকাল মঙ্গলবার বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত নরসিংদীর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়ক অবরোধ করে তাঁরা এ মানববন্ধন করেন।সহস্রাধিক শিক্ষক ও শিক্ষার্থী ব্যানার, ফেস্টুন নিয়ে সড়কের দুই পাশে মানববন্ধন করেন। শিক্ষার্থীরা সড়কে বসে পড়লে উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।মানববন্ধনে সংক্ষিপ্ত বক্তব্যে নিহত রনির বড় ভাই ও হত্যা মামলার বাদী আবুল ফজল অভিযোগ করেন, ‘খুনিরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ তাদের গ্রেপ্তার করছে না। ইতিমধ্যে কয়েকজন আসামি জামিন নিয়ে উল্টো তাদের হুমকি দিচ্ছে।’ ছাত্রসংসদের যুগ্ম সাধারণ সম্পাদক (এজিএস) ও কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক শরীফ আহমেদ বলেন, প্রশাসন সব আসামিকে গ্রেপ্তার না করলে শিক্ষার্থীরা লাগাতার আন্দোলনে যাবে।দুপুর সাড়ে ১২টার দিকে ঘটনাস্থলে এসে জেলা প্রশাসকের দায়িত্বে থাকা অতিরিক্ত জেলা প্রশাসক মোমেনা খাতুন শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দেন। তিনি বলেন, মামলাটির কাজ দ্রুত শেষ করতে সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে।সেখানে উপস্থিত অতিরিক্ত পুলিশ সুপার বিজয় বসাক আসামিদের গ্রেপ্তারে পুলিশ আরও তৎপর হবে বলে আশ্বাস দেন। গত ১৫ মার্চ রনিকে ছাত্রসংসদের কার্যালয়ে কুপিয়ে ও গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।