নরসিংদীতে মাহমুদা হত্যা মামলার বাদীকে প্রাণনাশের হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীতে গৃহবধূ মাহমুদা ইয়াসমিন হত্যা মামলার বাদী ফারুক হোসেনকে আসামিরা প্রাণনাশের হুমকি দিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বাদী কিশোরগঞ্জের নিকলী ও নরসিংদী সদর থানায় দুটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। নিহত ব্যক্তির পরিবার ও পুলিশ জানায়, ২০১১ সালের ১৮ সেপ্টেম্বর নিকলী উপজেলার ছাতিরচর এলাকার আবদুর রহিমের মেয়ে মাহমুদা ইয়াসমিনের (২২) সঙ্গে একই এলাকার হায়দার আলীর ছেলে মেহেদী হাসানের (২৬) বিয়ে হয়। মেহেদীর বাবার কর্মস্থল নরসিংদী শহরের বাসাইল হওয়ায় তাঁরাও ওই এলাকায় এসে বাড়ি ভাড়া নিয়ে থাকতে শুরু করেন। ২৬ এপ্রিল দুপুর ১২টার দিকে মাহমুদা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে তাঁর পরিবারের কাছে খবর পাঠানো হয়। এ ঘটনায় প্রথমে সদর থানায় একটি অপমৃত্যু মামলা হলেও সুরতহাল ও ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর গত ৩ জুন মেহেদীসহ ১৩ জনের বিরুদ্ধে মাহমুদার বড় ভাই ফারুক মিয়া হত্যা মামলা করেন। এর পর থেকে মামলা তুলে না নিলে তাঁকে (ফারুক) হত্যা করা হবে বলে আসামিরা হুমকি দিচ্ছেন।

এ ঘটনায় গত ৬ জুন নিকলী থানায় ও ২৮ জুন নরসিংদী সদর থানায় জিডি করেছেন ফারুক মিয়া। এ ব্যাপারে আসামিদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।

মামলার তদন্ত কর্মকর্তা ও নরসিংদী সদর থানার উপপরিদর্শক প্রদীপ কুমার রায় জানান, মামলার আসামি মেহেদী ছাড়া বাকিরা উচ্চ আদালত থেকে জামিন নিয়েছেন। মাহমুদা হত্যা মামলার বাদীকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ তাঁরা পেয়েছেন। এ ব্যাপারে তাঁরা ব্যবস্থা নেবেন।