নরসিংদীতে মুক্তিযোদ্ধাকে পুলিশি হয়রানির অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীতে পুলিশের হাতে সিরাজুল ইসলাম (৬৫) নামে এক মুক্তিযোদ্ধা হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তবে পুলিশের দাবি, ওই মুক্তিযোদ্ধা হেরোইনসেবী।মুক্তিযোদ্ধার পরিবার জানায়, সদর উপজেলার আখালিয়া গ্রামের বাসিন্দা মুক্তিযোদ্ধা সিরাজুল। পাঁচদোনা পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সহকারী উপপরিদর্শক (এএসআই) মহসিন মিয়া গত রোববার রাতে মুঠোফোনের মাধ্যমে এই মুক্তিযোদ্ধাকে ডেকে নেন। রাত বাড়ায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করলে প্রতিবেশী এক ব্যক্তি জানান, তাঁকে পাঁচদোনার এএসআইয়ের সঙ্গে যেতে দেখেছেন। পুলিশ ফাঁড়িতে গিয়ে তাঁরা দেখেন, সিরাজুল ইসলামকে আটক রাখা হয়েছে। বিষয়টি জেলা মুক্তিযোদ্ধা নেতাদের জানালে তাঁদের চাপে রাত সাড়ে ১২টার দিকে তাঁকে ছেড়ে দেওয়া হয়।মুক্তিযোদ্ধা সিরাজুল বলেন, ‘এএসআই মহসিন আমার পরিচিত। তাঁর ফোন পেয়ে বাড়ির বাইরে এলে তিনি আমাকে পুলিশ ফাঁড়িতে আনেন। এ সময় আমার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে ২০ হাজার টাকা দাবি করেন তিনি। টাকা দিতে না চাওয়ায় আমাকে নারী নির্যাতন দমন মামলায় জড়ানোর হুমকি দেওয়া হয়।’এএসআই মহসিন দাবি করেন, মুক্তিযোদ্ধা সিরাজুল একজন হেরোইনসেবী। তাঁর কাছে তিন পুরিয়া হেরোইন পাওয়া গেছে। অবশ্য পুলিশ সুপারের নির্দেশে রাতেই তাঁকে ছেড়ে দেওয়া হয়। পুলিশ সুপার আক্কাছ উদ্দিন বলেন, ‘মহসিন এক মুক্তিযোদ্ধাকে হেরোইনসহ আটকের কথা জানিয়েছিলেন। মুক্তিযোদ্ধাদের সম্মানার্থে আমি তাঁকে ছেড়ে দিতে বলি। তবে ঘটনা মিথ্যা হলে ওই এএসআইয়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’]