নরসিংদীতে মুক্তিযোদ্ধার জমি দখল করলেন ছাত্রলীগ নেতা!
নরসিংদীর মনোহরদীতে ছাত্রলীগের এক নেতা মুক্তিযোদ্ধার জমি দখল করে নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার উপজেলার পৌর এলাকার সল্লাবাইদ গ্রামে এ ঘটনা ঘটেছে। এর প্রতিবাদ করতে গেলে ছাত্রলীগের নেতার হাতে লাঞ্ছিত হয়েছেন বলে জানান মুক্তিযোদ্ধা রফিকুল আলম। মুক্তিযোদ্ধা পরিবার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ১৭ বছর আগে মুক্তিযোদ্ধা রফিকুল আলম ও তাঁর ভাই স্কুলশিক্ষক রুহুল আমিন মনোহরদী পৌরসভার সল্লাবাইদ এলাকায় জমি কিনে বসবাস করে আসছেন। সম্প্রতি একটি চক্র তাদের বসতবাড়ির জমির একটি অংশের মালিকানা দাবি করে আসছে। এরই জের ধরে চক্রটি গত শুক্রবার দুপুরে জোরপূর্বক মুক্তিযোদ্ধার বসতবাড়ির জমি দখল করে নিয়েছে বলে দাবি করছে মুক্তিযোদ্ধা রফিকুল আলমের পরিবার। চক্রের সদস্য জনৈক হারুন মাঝি ও শাজাহান মিয়া ওয়ারিশসূত্রে জমির মালিকানা দাবি করে মনোহরদী উপজেলা ছাত্রলীগের সভাপতি আবদুর রউফ হীরনের নেতৃত্বে উপজেলা শ্রমিক লীগের সভাপতি সাখাওয়াত হোসেন কাঞ্চন, আওয়ামী লীগের নেতা হিসেবে পরিচিত মোবারক হোসেন, জাহাঙ্গীর আলমসহ ২৫-৩০ জনের একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে মুক্তিযোদ্ধা রফিকুল আলমের বসতবাড়ির সামনের প্রায় পাঁচ শতাংশ জমি দখল করে নেয়। তারা বসতবাড়ির সামনে ইটের দেয়ালও তোলার চেষ্টা করেছে। এ ব্যাপারে মুক্তিযোদ্ধা ও তাঁর ভাই স্কুলশিক্ষক রুহুল আমীন বাধা দিতে গেলে সন্ত্রাসীরা তাঁদের মারধর করে বলে জানান তাঁরা।মুক্তিযোদ্ধা রফিকুল আলম বলেন, ‘১৭ বছর আগে আমি ও আমার ভাই রুহুল আমীন যৌথভাবে সাফকবলা জমি ক্রয় করে বসত করে আসছি। কিন্তু এত দিন পর একদল ভূমিদস্যু ওয়ারিশসূত্রে মিথ্যা ভুয়া দলিল নিয়ে এ জমির মালিকানা দাবি করছে।’ অভিযোগ অস্বীকার করে উপজেলা ছাত্রলীগের সভাপতি আবদুর রউফ বলেন, ‘আমার সঙ্গে জমির মালিক হারুন মাঝির ভালো সম্পর্ক থাকায় ও আমাকে হেয় করার জন্য আপনাকে (প্রতিবেদক) এসব মিথ্যা কথা বলেছে।’ ওয়ারিশ সূত্রে জমির মালিকানা দাবি করা হারুন মাঝি বলেন, ‘এই জমির মালিক আমি। কে কত বছর ধরে জমি ভোগদখল করে আসছে, সেটা আমার দেখার বিষয় নয়। আমার জমি আমি যেভাবে হোক দখল করে নেব।’মনোহরদী পৌরসভার মেয়র আলফাজ উদ্দিন বলেন, পৌরসভার অনুমতি না নিয়েই তারা এ কাজ করেছে। এটা আসলে দুঃখজনক।মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুর রহমান বলেন, এ ‘ব্যাপারে আমাদের কাছে কেউ কোনো অভিযোগ করেনি।’