নরসিংদীতে মেঘনায় ট্রলার ডুবে পাঁচজনের মৃত্যু
নরসিংদী সদর উপজেলার শ্রীপুর এলাকায় মেঘনা নদীতে গত শুক্রবার রাতে ঝড়ের সময় ট্রলারডুবিতে পাঁচজন যাত্রীর মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছে তিনজন।নিহত ব্যক্তিরা হলেন সদর উপজেলার নবীপুর এলাকার হাসান মিয়া (৪০), তাঁর স্ত্রী সেতারা বেগম (২০), একই এলাকার সোহাগ মিয়া (১২), দিলারপুর গ্রামের ফারুক মিয়া (৪০) ও নজরপুর জমাইলকান্দি গ্রামের আবুল হোসেন (৪৯)। এখনো নিখোঁজ রয়েছেন হাসান মিয়ার নাতনি বর্ষা (৯), চম্পকনগরের শহীদুল্লাহ মিয়া (৩৫) ও দিলারপুরের আবুল কাশেম (৪০)।যাত্রীরা জানান, শুক্রবার রাত সাড়ে আটটার দিকে মঙ্গল মাঝির ট্রলারটি নরসিংদী থানাঘাট থেকে ৩৫-৪০ জন যাত্রী নিয়ে সদর উপজেলার ছগরিয়াপাড়ার উদ্দেশে ছেড়ে যায়। নয়টার দিকে শ্রীপুর এলাকায় পৌঁছে ট্রলারটি ঝড়ের কবলে পড়ে। প্রচণ্ড ঢেউয়ে উল্টে যায় ট্রলারটি। অনেক যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়। ঝড় থামার পর রাত ১১টার দিকে পুলিশের উপস্থিতিতে স্থানীয় জেলেরা নদীতে জাল ফেলে তল্লাশি চালান। এ সময় পাওয়া যায় তিনটি লাশ। গতকাল শনিবার ভোরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা গিয়ে উদ্ধারকাজে অংশ নেন। সকাল সাড়ে নয়টার মধ্যে উদ্ধার হয় আরও দুটি লাশ। নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম প্রথম আলোকে জানান, ট্রলারডুবির ঘটনায় মারা যাওয়া পাঁচ যাত্রীর লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। গতকাল বিকেল পাঁচটা পর্যন্ত তল্লাশি চালিয়েও নিখোঁজ তিন যাত্রীর সন্ধান পাওয়া যায়নি। অভিযান আপাতত স্থগিত করা হয়েছে।