নরসিংদীতে যুবক খুন তরুণীর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীতে শাহ আলম নামের এক যুবক নিজ বাড়িতে খুন হয়েছেন। গতকাল বুধবার সন্ধ্যা ছয়টার দিকে শহরের সাটিরপাড়া এলাকার বকুলতলা মহল্লায় এ ঘটনা ঘটে। অভিযোগ উঠেছে, দুই সহযোগী তাঁকে গুলি করে ও কুপিয়ে হত্যা করে। পুলিশের দাবি, শাহ আলম ছিনতাইকারী চক্রের সদস্য ছিলেন।
এদিকে মনোহরদী উপজেলার কোচেরচর এলাকার একটি কলাবাগান থেকে গতকাল দুপুরে অজ্ঞাতনামা এক তরুণীর লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা, ধর্ষণ শেষে ওই তরুণীকে হত্যা করা হয়।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, নরসিংদী শহরের সাটিরপাড়া এলাকার সনেট, জুয়েল মিয়া ও বকুলতলা মহল্লার শাহ আলম (২৫) একটি সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের সদস্য। শাহ আলম সম্প্রতি স্থানীয় হোসেন মার্কেটের সামনে থেকে একটি মুঠোফোনসেট ছিনতাই করেন। পরে সনেট ও জুয়েল এর ভাগ চান। এ নিয়ে বিরোধের জের ধরে সনেট ও জুয়েল গতকাল সন্ধ্যা ছয়টার দিকে শাহ আলমের বাড়ি গিয়ে তাঁকে গুলি করে ও কুপিয়ে হত্যা করে পালিয়ে যান।
এ বিষয়ে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আবুল কাসেম বলেন, সনেট, জুয়েল ও শাহ আলমের বিরুদ্ধে ডাকাতি ও ছিনতাইসহ কমপক্ষে ১০টি মামলা রয়েছে। এসব মামলায় গত দেড় বছরে তাঁরা পাঁচবার কারাবাস করেছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ছিনতাই করা মুঠোফোনসেট নিয়ে দ্বন্দ্বের জেরেই শাহ আলম খুন হয়েছেন। সন্দেহভাজনদের আটকের চেষ্টা চলছে।
এদিকে মনোহরদী উপজেলার কোচেরচর এলাকার কয়েকজন বাসিন্দা গতকাল বেলা সাড়ে ১১টার দিকে একটি কলাবাগানের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় ওই তরুণীর (২২) লাশ পড়ে থাকতে দেখেন। পরে পুলিশে খবর দেওয়া হয়। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।