নরসিংদীতে যুবদল নেতা নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদী সদর উপজেলার দুর্গম চরাঞ্চলে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে নিহত হয়েছেন। গত শনিবার গভীর রাতে উপজেলার আলোকবালী ইউনিয়নের নেকজানপুর গ্রামে এ ঘটনা ঘটে।নিহত ব্যক্তির নাম রাজা মিয়া (৪৫)। তাঁর বাবার নাম গনি মিয়া। তিনি বিএনপির অঙ্গসংগঠন যুবদলের আলোকবালী ইউনিয়ন শাখার যুগ্ম সাধারণ সম্পাদক।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, প্রভাব বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় কৃষক লীগের নেতা হিসেবে পরিচিত মতিন মেম্বারের লোকজনের সঙ্গে যুবদলের নেতা রাজা মিয়ার দীর্ঘদিনের বিরোধ চলে আসছিল। এর পরিপ্রেক্ষিতে একে অপরের বিরুদ্ধে কয়েকটি মামলাও করেন। সম্প্রতি অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাজা মিয়া ও মতিন মিয়া একই ওয়ার্ডের মেম্বার পদের প্রার্থী হন। নির্বাচনে রাজা মিয়া মতিন মিয়ার কাছে পরাজিত হন। নির্বাচনে বিজয়ী হওয়ার পর থেকে মতিন মিয়ার লোকজন রাজা মিয়াকে গ্রামছাড়া করে। দুই মাস পালিয়ে থাকার পর গত শনিবার সন্ধ্যায় রাজা মিয়া নিজ গ্রাম নেকজানপুরে আসেন। খবর পেয়ে মতিন মেম্বারের লোকজন দা, ছুরি ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে রাজা মিয়ার বাড়িতে হামলা চালায়। এ সময় বাঁচার জন্য রাজা মিয়া দৌড়ে নেকজানপুর নৌকাঘাটে গিয়ে নৌকায় ওঠার পর প্রতিপক্ষের লোকজন তাঁকে এলোপাতাড়ি পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় রাত নয়টার দিকে রাজা মিয়াকে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে আসে। অবস্থার অবনতি ঘটলে তাঁকে ঢাকা পঙ্গু হাসপাতালে নেওয়ার পথে রাত ১১টায় রাজা মিয়া মারা যান।