নরসিংদীতে যৌতুকের জন্য স্ত্রীকে পিটিয়ে হত্যা!
নরসিংদী সদর উপজেলার শিলমান্দি এলাকার দড়িপাড়া গ্রাম থেকে গত রোববার সেলিনা বেগম (১৮) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। যৌতুকের দাবিতে ওই গৃহবধূর স্বামী তাঁকে পিটিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।নিহতের পরিবার জানায়, ২০০৯ সালে নরসিংদী পৌর শহরের দত্তপাড়া এলাকার ছগির মিয়ার সঙ্গে সদর উপজেলার শিলমান্দি দড়িপাড়া এলাকার সেলিনার বিয়ে হয়। সেলিনার পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকেই স্বামী ছগির মিয়া যৌতুকের জন্য সেলিনার পরিবারকে চাপ দিতে থাকেন। স্বামীর অত্যাচার সইতে না পেরে বাবার কাছ থেকে দুই দফায় ৫৫ হাজার টাকা যৌতুক এনে দেন সেলিনা। ১৫ দিন আগে ছগির মিয়া ২০ হাজার টাকা এনে দিতে সেলিনাকে চাপ দেন। সেলিনা অস্বীকৃতি জানালে তাঁর ওপর নেমে আসে নির্যাতন। এ নিয়ে গত রোববার স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া বাধে। এ সময় ছগির মিয়া সেলিনাকে পিটিয়ে হত্যা করেন। সেলিনার মৃত্যুর পর ছগির ও তাঁর পরিবারের সদস্যরা পালিয়ে যান। পরে পুলিশ লাশটি উদ্ধার করে। নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, নিহতের বাবা হত্যা মামলা করেছেন।