নরসিংদীতে যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদী সদর উপজেলার শান্তিভাওলা এলাকায় যৌতুকের দাবিতে হোসনে আরা বেগম (২৪) নামের এক গৃহবধূকে গত শুক্রবার রাতে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় নিহত হোসনে আরার স্বামী আবুল হোসেনকে গতকাল শনিবার বিকেলে গ্রেপ্তার করেছে পুলিশ।এ ঘটনায় নিহতের বড় ভাই কামাল হোসেন বাদী হয়ে নরসিংদী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।নরসিংদী মডেল থানার উপপরিদর্শক (এসআই) কাসিব সানোয়ার জানান, আবুল হোসেন পুলিশের জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন, দাম্পত্য কলহের জের ধরে তিনি স্ত্রী হোসনে আরা বেগমের গলায় কাপড় পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করেন। তবে তাঁর দাবি, হোসনে আরার পরকীয়ার ঘটনা নিয়ে তাঁদের মধ্যে দাম্পত্য কলহ শুরু হয়।তবে নিহতের পারিবারিক সূত্র জানায়, যৌতুকের টাকা না দেওয়ায় হোসনে আরাকে খুন করেছেন স্বামী আবুল হোসেন।এ নিয়ে গত এক সপ্তাহে জেলার বিভিন্ন স্থানে সাতটি খুনের ঘটনা ঘটল। এর আগে গত বৃহস্পতিবার রায়পুরা, বেলাব ও ভৈরব উপজেলার সংযুক্ত সীমানায় নদী থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার করা হয়। একই দিন সদর উপজেলার ভাটপাড়া গ্রামের শচীন্দ্র চন্দ্র বিশ্বাস (২৫) প্রতিপক্ষের কোদালের আঘাতে গুরুতর আহত হন। গত শুক্রবার চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।শিবপুর উপজেলার ভুরবুড়িয়া গ্রামের মতিউর রহমানের ছেলে কলেজছাত্র মো. আসাদুল্লাহকে (২৪) গত বুধবার কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। পার্শ্ববর্তী রায়পুরা উপজেলার ডৌকারচর ইউনিয়নের লক্ষ্মীপুরায় একটি বেসরকারি ক্লিনিকে ডেকে নিয়ে তাঁকে কুপিয়ে একটি হাত বিচ্ছিন্ন করে দেয় সন্ত্রাসীরা। চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান। একই উপজেলার সেকেরচর গ্রামের মো. হাতেম মিয়া (২৫) গত মঙ্গলবার নিখোঁজ হন। পরে পাঁচদোনা মোড়সংলগ্ন একটি পুকুর থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ।গত সোমবার শিবপুর উপজেলার জয়নগর ইউনিয়নের সুজাতপুর গ্রামে খুন হন আবদুল্লাহ মিয়া (২১) নামের আরেক কলেজছাত্র।জেলায় খুনের ঘটনা বেড়ে যাওয়ায় উদ্বিগ্ন হয়ে পড়েছে মানুষ। নরসিংদী পৌরসভার মেয়র লোকমান হোসেন গতকাল প্রথম আলোকে বলেন, পুলিশ ও প্রশাসন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ায় জেলায় একের পর এক খুনের ঘটনা ঘটছে।এ ব্যাপারে নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) বিজয় বসাক জানান, কাঁঠালিয়া, শিবপুর ও রায়পুরায় খুনের ঘটনায় পুলিশ তৎপর রয়েছে। অন্য ঘটনাগুলোর ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।