নরসিংদীতে রাতে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীতে দেলোয়ার হোসেন ওরফে দেলু (৩৩) নামের বিএনপির এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার রাত নয়টার দিকে শহরের রাঙ্গামাটিয়া মসজিদের পেছনের সড়কে এ ঘটনা ঘটে। নিহত দেলোয়ার হোসেন সদর উপজেলার হাজীপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি হাজীপুর এলাকার ছানাউল্লাহ মিয়ার ছেলে। পুলিশ, নিহত ব্যক্তির পরিবার ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, গতকাল রাত পৌনে নয়টার দিকে দেলোয়ারের মুঠোফোনে ফোন আসে। এ সময় তিনি হাজীপুরে নিজ বাসা থেকে মোটরসাইকেল নিয়ে বেরিয়ে যান। রাত নয়টায় রাঙ্গামাটিয়া মসজিদের পেছনের সড়কের মাথায় বিকট শব্দ হয়। ওই সময় রাঙ্গামাটিয়া এলাকায় বিদ্যুৎ ছিল না। পরে স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে দেলোয়ারের রক্তাক্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। রাত সাড়ে নয়টায় পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠায়। নিহত দেলোয়ারের ছোট ভাই শামীম মিয়া প্রথম আলোকে বলেন, ‘ফোন আসার পরপরই দেলু ভাই পাঞ্জাবি পইরা বাইর হইয়া যায়। শুনছি, হাজীপুরের বাসা থেকে কেউ একজন উনাকে নিয়ে গেছেন। কে বা কারা, কেন আমার ভাইকে হত্যা করেছে, বলতে পারছি না।’ নিহত দেলোয়ারের নাম প্রকাশে অনিচ্ছুক এক বন্ধু প্রথম আলোকে বলেন, দেলোয়ার বাসা থেকে সোহেল নামের এক বন্ধুর সঙ্গে মোটরসাইকেলে করে রাঙ্গামাটিয়া আসেন। পরে তিনি হত্যার শিকার হন। ওই বন্ধু জানান, বাদুয়ারচর এলাকার নূরে আলম মতিন নামের এক বন্ধুর সঙ্গে শহরের দত্তপাড়া এলাকার রাহাত মিয়ার টাকার লেনদেনসংক্রান্ত বিরোধ চলছিল। এই বিরোধের মধ্যস্থতা করেন দেলোয়ার। সম্প্রতি নূরে আলম ২০ হাজার টাকা রাহাতকে দেওয়ার জন্য দেলোয়ারের কাছে হস্তান্তর করেন। কিন্তু ওই টাকা দেলোয়ার নিজেই খরচ করে ফেলেন। এ নিয়ে আজ (শনিবার) বিকেলে তাঁদের মধ্যে তর্ক হয়। তবে কী কারণে, কারা তাঁকে হত্যা করেছে, তা এখনো পরিষ্কার নয়। নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, লাশের পিঠে ও মাথায় চাপাতির চার-পাঁচটি কোপের চিহ্ন রয়েছে। কী কারণে তাঁকে হত্যা করা হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।