নরসিংদীতে রিজার্ভ ট্যাংকে নেমে শ্রমিকসহ নিহত ৩

নরসিংদীতে নির্মাণাধীন ভবনের পানির ট্যাংকে কাজ করতে নেমে তিনজনের মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে পৌর এলাকার বিলাসদীর ব্যাংক কলোনিতে এ দুর্ঘটনা ঘটে।
মৃত্যু ব্যক্তিরা হলেন নির্মাণাধীন ভবনের ঠিকাদার নেত্রকোনার কলমাকান্দা উপজেলার সিরাজুল ইসলাম (৩২) এবং দুই শ্রমিক কিশোরগঞ্জের পাকুন্দিয়ার রাকিব মিয়া (২২) ও চাঁদপুরের ফরিদগঞ্জের রমিজ মিয়া (২৬)। এ ঘটনায় অসুস্থ হয়ে পড়েন নরসিংদীর শিবপুর উপজেলার বাসিন্দা কামাল হোসেন (৪০)।
পুলিশ ও স্থানীয় লোকজন সূত্রে জানা গেছে, নির্মাণাধীন ভবনটি এক কুয়েতপ্রবাসীর। কিছুদিন আগে পানি জমা রাখার জন্য এই রিজার্ভ ট্যাংকের কাজ শেষ হয়। এরপর থেকে এর ঢাকনা বন্ধ ছিল। আজ ট্যাংকের ভেতর থেকে নির্মাণকাজে ব্যবহৃত কাঠগুলো খুলে আনতে যান শ্রমিকেরা। প্রথমে একজন শ্রমিক ট্যাংকের ভেতরে নামেন। এ সময় তাঁর সাড়া না পেয়ে পর্যায়ক্রমে আরও দুজন নামেন। কিন্তু তাঁরা সবাই ভেতরে জমে থাকা ‘বিষাক্ত গ্যাসে’ অচেতন হয়ে পড়েন। সর্বশেষ তাঁদের সন্ধানে কামাল হোসেন নামের একজন ট্যাংকে নামতে গিয়ে বিষাক্ত গ্যাসের অবস্থা টের পান এবং দ্রুত উঠে আসতে সক্ষম হন। কামাল আশপাশে থাকা স্থানীয় লোকজনকে বিষয়টি জানাতে পারলেও কিছুক্ষণের মধ্যে অচেতন হয়ে পড়েন। পরে স্থানীয় ব্যক্তিরা তাঁকে নরসিংদী জেলা হাসপাতালে ভর্তি করেন।
অন্যদিকে স্থানীয় মানুষের কাছ থেকে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে ট্যাংকের ভেতর থেকে ৩ জনকে উদ্ধার করেন। পরে তাঁদের নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নরসিংদী জেলা হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা এ এন এম মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করছি মিথেন, সালফারসহ বিভিন্ন রাসায়নিক ও গ্যাসীয় পদার্থের বিষক্রিয়ায় তাঁদের মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্ত ও ভিসেরা প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শাহরিয়ার আলম বলেন, দীর্ঘদিন ট্যাংকের মুখ ঢেকে রাখায় ভেতরে বিভিন্ন রকমের গ্যাস জমে ছিল। সেই গ্যাসের বিষক্রিয়ায় তাঁদের মৃত্যু হয়েছে বলে মনে হচ্ছে। নরসিংদী সদর হাসপাতালে লাশগুলোর ময়নাতদন্ত হবে।