নরসিংদীতে শিক্ষকদের মিলনমেলা
নরসিংদী জেলার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার ড্রিম হলিডে পার্কে এ মেলা হয়। মজিদ মোল্লা ফাউন্ডেশনের সহযোগিতায় এ মেলার আয়োজক নরসিংদী কলেজ শিক্ষক সমিতি (নকশিস)।
নকশিসের সভাপতি ও আবদুল কাদির মোল্লা সিটি কলেজের অধ্যক্ষ মশিউর রহমান মৃধার সভাপতিত্বে মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মজিদ মোল্লা ফাউন্ডেশনের চেয়ারম্যান ও থার্মেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবদুল কাদির মোল্লা।
মেলায় জেলার ১৯১টি মাধ্যমিক বিদ্যালয় ও ৫১টি উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের সাড়ে আট হাজার শিক্ষক অংশ নেন।
প্রধান অতিথি আবদুল কাদির মোল্লা তাঁর বক্তব্যে বলেন, একজন শিক্ষক তাঁর দায়িত্ব সঠিকভাবে পালন করলেই প্রতিষ্ঠান ও শিক্ষার্থীরা মূল লক্ষ্যে পৌঁছাতে পারবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন থার্মেক্স গ্রুপের চেয়ারম্যান নাছিমা মোল্লা, পরিচালক মাহবুবুর রহমান মোল্লা প্রমুখ।