নরসিংদীতে শ্রমিক লীগের নেতাকে জবাই
নরসিংদীর মাধবদী শহর শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক সোহেল খানকে (২৭) জবাই করে হত্যা করা হয়েছে। গতকাল বুধবার সকালে তাঁর বাড়ির কাছের একটি ধানখেত থেকে মৃতদেহ উদ্ধার করা হয়। নিহত সোহেল খান কেব্ল টিভির নেটওয়ার্কের ব্যবসা করতেন।নিহতের পরিবারের সদস্যরা জানায়, সোহেল খানের বাড়ি নরসিংদী সদর উপজেলার নোয়াপাড়া গ্রামে। স্থানীয় সাবেক কাউন্সিলর আনোয়ার হোসেনের মালিকানাধীন কেব্ল নেটওয়ার্ক ব্যবসার রাইনাদী এলাকার দায়িত্বে ছিলেন তিনি। মঙ্গলবার সন্ধ্যায় ব্যবসাপ্রতিষ্ঠান থেকে বাড়িতে যান। কিছুক্ষণ পর আবার ঘর থেকে বের হয়ে পড়েন। এরপর তিনি আর বাড়িতে ফেরেননি। গতকাল সকালে বাড়ি থেকে এক কিলোমিটার দূরের রাইনাদী ভাঙ্গাবিল এলাকার একটি ধানখেত থেকে পুলিশ তাঁর মৃতদেহ উদ্ধার করে।নিহতের বড় ভাই লিটন খান বলেন, ‘প্রকাশ্যে আমার ভাইয়ের কোনো শত্রু ছিল না। বিগত কয়েক মাসের মধ্যে কারও সঙ্গে কোনো বিষয় নিয়ে বিরোধ হয়েছে—তাও আমার জানা নেই।’ কী কারণে সোহেল খুন হয়েছে, তা তাঁদের ধারণার বাইরে।মাধবদী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আজিজুল ইসলাম বলেন, ময়নাতদন্তের জন্য সোহেল খানের মৃতদেহ নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। জবাই করে সোহেল খানকে হত্যা করা হয়। পেটেও ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।