নরসিংদীতে শ্রমিকদের হামলার প্রতিবাদে মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদী শহরে গতকাল বৃহস্পতিবার পরিবহন শ্রমিকদের হামলার প্রতিবাদে নরসিংদী সরকারি কলেজের শিক্ষার্থীরা মিছিল করেছেন। তাঁরা হামলার ঘটনায় জড়িতদের শাস্তি দাবি করে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। শিক্ষার্থীদের অভিযোগ, গত ১৪ জানুয়ারি ক্লাস শেষে কলেজের কয়েকজন ছাত্র বাড়ি যাওয়ার জন্য স্থানীয় বাসস্ট্যান্ডে যান। তাঁরা ছাত্র পরিচয়ে নির্ধারিত মূল্যে যমুনা পরিবহনের কাউন্টার থেকে টিকিট কাটতে চান। ছাত্ররা পরিচয়পত্র দেখালেও টিকিট দেওয়া হয়নি। এ নিয়ে দুই পক্ষে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে পরিবহন শ্রমিকেরা ছাত্রদের কাছ থেকে পরিচয়পত্র ছিনিয়ে নিয়ে তাঁদের লাঞ্ছিত করেন। গত বুধবার এ বিষয়ে জানতে কলেজের কয়েকজন ছাত্র যমুনা বাস কাউন্টারে যান। এ সময় পরিবহন শ্রমিকেরা ক্ষুব্ধ হয়ে ছাত্রদের ওপর হামলা চালান। এতে ১২ জন ছাত্র আহত হন।এ ব্যাপারে যমুনা কাউন্টারের কর্মচারীদের কাছে জানতে চাইলে তাঁরা অভিযোগ করেন, ছাত্ররা প্রতিদিন বিনা টিকিটে বাসে উঠতে চান। অছাত্রদেরও সঙ্গে নিয়ে আসেন তাঁরা। এতে বাধা দিলে ১৪ জানুয়ারি ছাত্ররাই প্রথমে শ্রমিকদের ওপর চড়াও হন। গত বুধবার ছাত্ররা আবার কাউন্টারে এসে ঝামেলা শুরু করেন। পরে এ নিয়ে সামান্য মারধরের ঘটনা ঘটে। নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিম আহমেদ বলেন, এ ঘটনায় কলেজের এক শিক্ষার্থী পরিবহন ব্যবসায়ী মো. ভুট্টো মিয়া, সুমন ভূঁইয়া, শুভ মিয়া ও দীন ইসলামসহ অজ্ঞাত আরও ১৫-১৬ জনের বিরুদ্ধে মামলা করেছেন।