নরসিংদীতে সংঘর্ষে মা-ছেলে নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীতে যাত্রীবাহী বাস ও সিনএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা-ছেলে নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন। গতকাল মঙ্গলবার দুপুরে ঢাকা-মঠখোলা সড়কের নরসিংদীর মনোহরদী উপজেলার হেকিমন্দী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন শামসুন্নাহার বেগম (৬০) ও তাঁর ছেলে মিজান মিয়া (৩০)। তাঁদের বাড়ি মনোহরদীর মির্জানগর গ্রামে। হতাহত ব্যক্তিরা অটোরিকশার যাত্রী। মা-ছেলে মনোহরদী স্বাস্থ্য কমপ্লেক্সে অসুস্থ এক আত্মীয়কে দেখতে অটোরিকশাযোগে যাচ্ছিলেন।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মনোহরদীগামী মেঘালয় পরিবহনের বাসটি ঢাকা থেকে ছেড়ে আসে। আর অটোরিকশাটি মির্জাপুর গ্রাম থেকে মনোহরদী সদরের উদ্দেশে ছেড়ে যায়। দুপুর ১২টার দিকে মুখোমুখি সংঘর্ষ হলে অটোরিকশাটি ছিটকে দূরে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মা-ছেলের মৃত্যু হয়। আহত ব্যক্তিদের নরসিংদী সদর ও মনোহরদী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিয়া মো. কতুবুর রহমান জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।