নরসিংদীতে সওজের প্রকৌশলী অবরুদ্ধ, ঠিকাদারদের বিক্ষোভ
নরসিংদীতে ঠিকাদারদের দীর্ঘদিনের বকেয়া আদায়ের দাবিতে সড়ক ও জনপথ (সওজ) কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী সালমা আক্তারকে অবরুদ্ধ করে রেখেছেন স্থানীয় ঠিকাদারেরা।
আজ সোমবার বেলা ১১টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ঠিকাদারেরা এ কর্মসূচি পালন করবেন বলে জানান। এর মধ্যে দুপুর সাড়ে ১২টার দিকে আন্দোলনরত ঠিকাদারেরা বিক্ষোভ মিছিল করেন।
আন্দোলনরত ঠিকাদারদের অভিযোগ, নরসিংদীর তিন শতাধিক ঠিকাদারের সওজের কাছে প্রায় ৩০ কোটি টাকা বকেয়া রয়েছে। ২০০৬-০৭ অর্থবছর থেকে শুরু করে চলতি অর্থবছর পর্যন্ত ঠিকাদারেরা সওজের সড়ক নির্মাণ ও সংস্কারসহ বিভিন্ন কাজ করে বিল না পাওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়। বকেয়া আদায়ের লক্ষ্যে স্থানীয় অর্ধশতাধিক ঠিকাদার আজ বেলা ১১টা থেকে নরসিংদী সড়ক ভবনের প্রধান ফটক অবরুদ্ধ করে রাখেন। নির্বাহী প্রকৌশলীসহ বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী অবরুদ্ধ থাকায় স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। পরে ঠিকাদারেরা সড়ক ভবনের সামনে বিক্ষোভ মিছিল করে আবার প্রধান ফটকে অবস্থান নেন।
নরসিংদী সড়ক ও জনপথ ঠিকাদার সমিতির সাধারণ সম্পাদক মাহমুদুল খন্দকার প্রথম আলোকে বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে সড়ক ভবন কর্তৃপক্ষের কাছে বকেয়া বিল পরিশোধের দাবি জানিয়ে আসছিলাম। কিন্তু কোনো কাজ হয়নি। আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। আন্দোলনে নামতে বাধ্য হয়েছি। আমাদের এই অবরোধ কর্মসূচি তিন দিন অব্যাহত থাকবে। এর মধ্যে সমস্যার সুরাহা না হলে আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।’
অবরুদ্ধ থাকার বিষয়টি নিশ্চিত করে নরসিংদী সওজের নির্বাহী প্রকৌশলী সালমা আক্তার বলেন, ‘বকেয়া পরিশোধের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে বেশ কয়েক দফা সুপারিশ করা হয়েছে। এটা যোগাযোগ মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয়ের যৌথ সিদ্ধান্তের বিষয়। আমার কী করার আছে? শুধু শুধু আমার কার্যালয় অবরুদ্ধ করে রাখা হয়েছে। এতে আমাদের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।’