নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত
নরসিংদীর শিবপুর উপজেলার বাড়ৈগাঁও এলাকায় গত রোববার সড়ক দুর্ঘটনায় শাহরিয়ার ইসলাম ওরফে শাহেদ (১৮) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। শাহরিয়ার একই উপজেলার চক্রধা ইউনিয়নের মোহরপাড়া গ্রামের কামাল মিয়ার ছেলে ও প্রথম আলোর নরসিংদী প্রতিনিধি মনিরুজ্জামানের খালাতো ভাই।
শাহরিয়ার পরিবার জানায়, শাহরিয়ার শহরের অরবিট ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি কলেজের ইলেকট্রিক্যাল টেকনোলজি বিভাগের দ্বিতীয় সেমিস্টারের ছাত্র। ওই দিন বিকেলে শাহরিয়ার বন্ধু মামুন মিয়াকে নিয়ে মোটরসাইকেলে করে শহরের বিলাসদী এলাকা থেকে শিবপুরের বৈলাব গ্রামে নানার বাড়ি যাচ্ছিলেন। মোটরসাইকেলটি বাড়ৈগাঁও এলাকায় পৌঁছালে মনোহরদী পরিবহনের একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস পেছন থেকে তাঁদের চাপা দেয়। এ সময় আশপাশের লোকজন গুরুতর আহত অবস্থায় শাহরিয়ার ও মামুনকে নরসিংদী জেলা হাসপাতালে নেন। এখানে শাহরিয়ারকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মামুনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
শিবপুর মডেল থানার ওসি ফিরোজ আল জালাল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।