নরসিংদীতে সুতা কারখানায় আগুন, বিপুল ক্ষয়ক্ষতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদী শহরের ব্রাহ্মন্দী এলাকার জবা টেক্সটাইল মিলস লিমিটেডে গতকাল সোমবার ভোরে অগ্নিকাণ্ড ঘটে। এতে ৫০ কোটি টাকার মালামাল পুড়ে গেছে বলে কারখানা কর্তৃপক্ষ দাবি করছে। পরিকল্পিতভাবে কেউ এ অগ্নিকাণ্ড ঘটিয়েছে বলে মনে করছেন কারখানার পরিচালক মহসীন আলী।
এর আগে গত রোববার রাত সাড়ে আটটার দিকে ওই কারখানার একটি ইউনিটে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে তা নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। এতে কারখানার গুদামে থাকা তুলা, সুতা ও কয়েকটি যন্ত্রাংশ পুড়ে গেছে।
কারখানার কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিসের কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, রোববার রাতে একটি ইউনিটে আগুন লাগার পর বৈদ্যুতিক লাইন, জেনারেটরের লাইন বন্ধ করে কারখানাটিতে প্রাথমিক ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। গতকাল ভোর পাঁচটার দিকে কারখানার পূর্ব পাশের আরেকটি ইউনিটের গুদামে আগুন লাগে। খবর পেয়ে নরসিংদী সদর ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। পানিস্বল্পতার কারণে তাঁরা আগুন নিয়ন্ত্রণে আনতে পারছিলেন না। একপর্যায়ে পাশের মাধবদী ও শিবপুর ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেওয়া হয়। সবাই মিলে দীর্ঘ আট ঘণ্টা চেষ্টা চালিয়ে বেলা দুইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
কারখানার ব্যবস্থাপক মাহামুদ হোসেন জানান, অগ্নিকাণ্ডে কারখানার প্রায় এক হাজার টন তুলা, ২৫০ টন সুতা, ৪০০ টন পরিত্যক্ত তুলা (ঝুট) ও দুই কোটি টাকা মূল্যমানের সাতটি মেশিন পুড়ে গেছে। কারখানার অবকাঠামোসহ সব মিলিয়ে প্রায় ৫০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে মহসীন আলী বলেন, ‘গত রোববার বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগে। এরপর কারখানার সব লাইন বন্ধ করে প্রাথমিক ছুটি ঘোষণা করি। কারখানা বন্ধ থাকার পর কীভাবে অন্য ইউনিটে আগুন লাগল তা বুঝতে পারছি না। এটা পূর্বপরিকল্পিত ও নাশকতা ছাড়া কিছুই হতে পারে না।’
নরসিংদী ফায়ার সার্ভিস স্টেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন মোল্লা জানান, পানিস্বল্পতার কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে অনেক সময় লেগেছে। পাশাপাশি অনেক বেগও পোহাতে হয়েছে। কারখানা বন্ধ থাকার পরও কীভাবে অগ্নিকাণ্ড ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে।